২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপিল বিভাগেও খুলনার মেয়র মনির পক্ষে আদেশ

খুলনা সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনির সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 06:19 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

রাষ্ট্রপক্ষের একটি আবেদন খারিজ করে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আপিল বিভাগের এ আদেশের ফলে মনিরুজ্জামান মনির মেয়র হিসেবে দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও আইনজীবী নিতাই রায় চৌধুরী।

পরে নিতাই রায় চৌধুরী বিডিনিউজকে বলেন, “আজ আপিল বিভাগ হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন। ফলে মেয়র হিসেবে উনার দায়িত্ব পালনে আইনগত আর কোনো বাধা নেই।”

নাশকতার মামলায় পুলিশের অভিযোগপত্রে নাম আসার পর খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে ২০১৫ সালের ২ নভেম্বর বরখাস্ত করে সরকার।

এর বিরুদ্ধে মনির করা একটি রিটের শুনানি নিয়ে চলতি বছরের ৭ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ ছয়মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট।

অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি মনিকে বরাখাস্তের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও দিয়েছিল আদালত।

এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল রোববার খারিজ হয়।

পুরনো খবর:

খুলনার মেয়র মনির বরখাস্তের আদেশ স্থগিত