শিক্ষায় বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান মন্ত্রীর
সবার শিক্ষার দায়িত্ব সরকারের নেওয়া সম্ভব নয় মন্তব্য করে দেশের সব নাগরিকের শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশনে সেন্টারে প্রাইম ব্যাংক আয়োজিত ‘শিক্ষা সহায়তা কর্মসূচি ২০১৬’ শীর্ষক বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, “যাদের আর্থিক সঙ্গতি আছে তাদের এগিয়ে আসা উচিত, বিশেষ করে দেশের শতভাগ মানুষকে শিক্ষিত করতে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।”
বাংলাদেশ চলমান শ্রম শক্তির সর্বোচ্চ (ডেমোগ্রাফিক ডিভিডেন্ট) অবস্থানে থাকায় এ শ্রম শক্তির সর্বোচ্চ সদ্ব্যবহার করে ২০২১ সালের মধ্যে সরকার দেশকে একটি মধ্য আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বলে জানান নাহিদ।
তিনি বলেন, “এ জন্য দেশের শতভাগ মানুষকে শিক্ষিত করা প্রথম শর্ত, বিশেষ করে কারিগরি শিক্ষার ওপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু দেশের শতভাগ মানুষকে শিক্ষিত করতে যে বরাদ্দ প্রয়োজন তা আমরা করতে পারছি না।”
চলতি বাজেটে শিক্ষার জন্য প্রায় ১০ শতাংশ বরাদ্দ যথেষ্ট নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, “এর চাহিদা আরও অনেক বেশি।”
বেসরকারি খাতকে শিক্ষায় বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শিক্ষার উন্নয়নে ব্যয় করা অর্থের কর রেয়াত দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী।
শিক্ষার মান নিয়ে আওয়ামী লীগ নেতা নাহিদ বলেন, “বর্তমানে আমাদের শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। আমরা শতভাগ শিশুকে স্কুলগামী করার পর শিক্ষার গুণগত মান নিয়ে কাজ করব।”
শিক্ষার মান বাড়ানোর জন্য ইতোমধ্যেই প্রাথমিক কাজ শুরু করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, গত সাত বছরে প্রায় দশ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুযোগ নিয়ে একটি দক্ষ জনশক্তি তৈরি করা দরকার।
এ জন্য সকল আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠান দেশের জনশক্তি উন্নয়নে কাজ করলে তা কর অব্যাহতি দেওয়ার জন্য প্রয়োজনে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকে বসবেন।
প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী জানান, ২০০৭ সাল থেকে শুরু করে ব্যাংকের শিক্ষাবৃত্তির এ উদ্যোগ ১০ বছরে পা দিল। এ পর্যন্ত ২ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। এরমধ্যে ৮৯১ জন লেখা পড়া শেষ করে কর্মজীবন শুরু করেছেন। এর মধ্যে ১৮৩ জন ডাক্তার, ১৬৬ জন ব্যাংকার ও বিসিএস ক্যাডার, ৬৬ জন আইনজীবী ও অন্যান্য পেশায়, এবং ৪ জন পিএইচডির জন্য বিদেশ রয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহা. নাদের খান, ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান বক্তব্য রাখেন।
