২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্নতত্ত্ব সংরক্ষণই কঠিন কাজ: সংস্কৃতিমন্ত্রী

দেশজুড়ে বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়া গেলেও কখনও ‘মানবিক’, কখনোবা ‘আইনি’ জটিলতায় সেগুলো ‘সঠিকভাবে’ সংরক্ষণ করা কঠিন কাজ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 11:25 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

শনিবার রাজধানীতে ভিতরগড় প্রমোশনাল সোসাইটি আয়োজিত এক সেমিনারে অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রত্নতত্ত্ব উদ্ধার থেকেও কঠিনতম কাজ হচ্ছে আমরা সেগুলা সঠিকভাবে সংরক্ষণ করতে পারছি না।

“বিভিন্ন স্থানে প্রত্নতাত্ত্বিক খনন কিংবা নিদর্শন উদ্ধারে গেলে সেখানে স্থানীয়রা আইনি কাগজপত্র নিয়ে মালিকানা দাবি করে। আবার দুর্লভ প্রত্নতত্ত্বগুলো যারা সংরক্ষণ করছেন, তারা সরকারি আইনানুযায়ী সেগুলো আমাদের দিচ্ছেন না। মানবিক সমস্যাও আছে অনেক।”

প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার, সংরক্ষণে প্রয়োজনীয় দক্ষ লোকবল নেই বলেও জানান মন্ত্রী। এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা প্রত্নতাত্ত্বিক খননে যুক্ত হয়ে নিজেরাই সব ‘কর্তৃত্ব নিতে চাইছে’ বলেও মন্তব্য করেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী নূর বলেন, “প্রত্নতত্ত্ব রাষ্ট্রীয় সম্পত্তি, এটি তাদের বুঝতে হবে। আইনানুযায়ী সরকার চাহিবামাত্র তা তারা সরকারকে দিতে বাধ্য থাকবে। এখন সমস্যা হয়ে গেল, আমরা এই কাজে কোন বেসরকারি সংস্থাকে যুক্ত করব কি করব না তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে।”

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় প্রায় ২৫ বর্গকিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত ভিতরগড় দুর্গনগরী।

ভিতরগড়ের মাটি খনন করে নানা প্রত্নতত্ত্ব ও স্থাপনার সন্ধান পেয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর গবেষকরা, যার নেতৃত্ব দিচ্ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের প্রত্নতত্ত্ব বিভাগের পরিচালক শাহতাজ হোসেন জাহান।

পঞ্চগড় শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে সদর উপজেলার প্রাচীন এই দুর্গনগরীর মাটির নিচে লুকিয়ে আছে নানা ইতিহাস। মাটি খুঁড়লেই বেরিয়ে আসছে দুর্লভ সব প্রাচীন স্থাপনা।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, এই দুর্গটি সাত শতকের শেষার্ধে অথবা আট শতকের সমতটের শাসকরা নির্মাণ করেছিলেন। অপর একটি সূত্র অনুযায়ী নয় বা দশ শতকে কম্বোজ বা তিব্বতিদের আক্রমণ থেকে রক্ষার জন্য পালবংশীয় রাজাগণ ভিতরগড় দুর্গটি নির্মাণ করেন।

শাহতাজ বলেন, “ধারণা করা হচ্ছে নতুনভাবে সন্ধানপ্রাপ্ত এই দুটি স্থাপনা অষ্টম শতকে প্রাচীন ভারতীয় কৌটিল্য অর্থশাস্ত্র অনুসরণ করে নির্মিত। আমরা যদি এই খনন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারি, তবে এই কৌটিল্য অর্থশাস্ত্র অনুধাবন ভীষণ সহজ হয়ে যাবে।”

২০০৬ সালে নৃতাত্ত্বিক জরিপ শুরু করে ভিতরগড় প্রত্নতাত্তিক সমীক্ষা গবেষণা ও খনন শুরু হয় ২০০৮ সালে। 

ভিতরগড় দুর্গনগরী মূলত চারটি আবেষ্টনীর সমন্বয়ে গঠিত। এই আবেষ্টনীসমূহ একটি অপরটির ভিতরে অবস্থিত। অভ্যন্তরীণ আবেষ্টনী বা প্রথম আবেষ্টনীর উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দেয়ালসমূহের পরিমাপ যথাক্রমে ৩৪০ মিটার, ৬৫০ মিটার, ৬১০ মিটার ও ৪৫০ মিটার। এই দেয়ালসমূহ সম্পূর্ণরূপে ইট দ্বারা নির্মিত।

২০০৯ ও ২০১০ সালে প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে এই অভ্যন্তরীণ আবেষ্টনীর অভ্যন্তরে একটি ক্রুশাকৃতির মন্দির এবং  উভয় দিকে (পূর্ব ও পশ্চিম) স্তম্ভবিশিষ্ট বারান্দা সম্বলিত পিরামিডাকৃতির একটি মন্দির আবিষ্কৃত হয়েছে। উৎখননকালে মন্দির স্থাপত্যে ব্যবহূত বিভিন্ন নকশা খচিত ইট ও ত্রিকোণাকৃতির পাথরের খণ্ড পাওয়া যায়।

এই মন্দির হতে ১২০ মিটার দক্ষিণ পশ্চিমে একটি ইট নির্মিত স্থাপত্যের ভিত্তি পাওয়া গেছে। এটি সম্ভবত স্তূপ বা মন্দির হিসেবে ব্যবহার করা হতো। পূর্ব দিকের স্তম্ভ বিশিষ্ট বারান্দার পূর্বে মি সংলগ্ন অংশটি প্রবেশ পথের সঙ্গে সম্পৃক্ত ছিল।

উৎখননকালে এই স্থাপত্যের ভিত্তির নিচের স্তরে লাল ও ধূসর রঙের নকশা খচিত মৃৎপাত্রের ভগ্নাংশ এবং লোহা ও তামার তৈরি দ্রব্যাদি পাওয়া গেছে। মৃৎপাত্রের মধ্যে বেশিরভাগই হল- থালা, বাটি, রান্নার হাড়ি, তাওয়া ও মাটির প্রদ্বীপ।

অভ্যন্তরীণ আবেষ্টনীর ভেতরে একটি কালো পাথরে তৈরি মনসা মূর্তির ভগ্নাংশ পাওয়া গেছে, যা বর্তমানে পঞ্চগড় মহিলা কলেজের রকস মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে।

প্রথম আবেষ্টনী এবং মহারাজার দিঘিসহ পাচঁটি প্রাচীন দিঘিকে ঘিরে নির্মিত হয়েছে দ্বিতীয় আবেষ্টনী।

পশ্চিম দেয়ালটি শালমারা নদীর প্রবাহ অনুসরণ করে নদীর পূর্ব তীরে নির্মিত বলে প্রচুর আঁকাবাঁকা। প্রথম আবেষ্টনীর ন্যায় দ্বিতীয় আবেষ্টনীর দেয়ালসমূহের বাইরেও আয়তাকৃতির বুরুজ সংযোজিত রয়েছে। দ্বিতীয় আবেষ্টনীর দেয়ালসমূহের বাইরে চতুর্দিকে ১৯ মিটার প্রশস্ত এবং ৪.৫ মিটার গভীর পরিখা রয়েছে- যার অনেকাংশেই বর্ষাকালে পানি থাকে।

স্থানীয় জনশ্রুতি মতে, এই দ্বিতীয় আবেষ্টনীর উত্তরে কালদুয়ার এবং দক্ষিণে যমদুয়ার নামে দুটি প্রবেশদ্বার ছিল।

দ্বিতীয় আবেষ্টনীর অভ্যন্তরে পাঁচটি প্রাচীন দিঘির নাম হলো- মহারাজার দিঘি, ফুলপুকুরী, কোদালধোয়া, মলানী দিঘি এবং সিঙ্গারী দিঘি। তন্মধ্যে মহারাজার দিঘি সর্ববৃহৎ- যা ৫৩ একর জায়গা জুড়ে বিস্তৃত।  দ্বিতীয় আবেষ্টনীর অভ্যন্তরে উত্তর পূর্বাংশে অবস্থিত মহারাজার দিঘির চতুর্দিক ইট ও মাটি নির্মিত ৬ মিটার উঁচু পাড় দ্বারা পরিবেষ্টিত।

তৃতীয় আবেষ্টনীর উত্তর দেয়ালের পশ্চিমাংশে তালমা নদীতে একটি বাঁধ দিয়ে তালমা নদীর প্রবাহকে পশ্চিম দেয়ালের বাইরে দিয়ে পরিচালনা করা হয়। বীর বাঁধ ছাড়াও এই শালমারা নদীতে আরো দুটো পাথরের বাঁধ যথাক্রমে পাথরঘাটা ও দোমনী নামক স্থানে নির্মাণ করে ভিতরগড় দুর্গনগরীর মধ্যে পানি প্রবাহ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছিল।

তৃতীয় আবেষ্টনীর অভ্যন্তরে উত্তরাংশে এবং দ্বিতীয় আবেষ্টনীর উত্তর দেয়াল হতে ২৫০ মিটার উত্তরে আরো একটি ১.৬ কিমি দীর্ঘ ও ১.৪ মিটার উঁচু দেয়াল দেখা যায়। এই দেয়ালের উত্তরের পরিখা পশ্চিমে শালমারা নদীতে মিলিত হয়। 

তৃতীয় আবেষ্টনীর অভ্যন্তরে বাঘপুকুরী, ঝলঝলি ও মলানী নামে তিনটি প্রাচীন দিঘি রয়েছে ।

তৃতীয় আবেষ্টনী হতে প্রায় ২০০ মিটার দূরত্বে চতুর্থ আবেষ্টনী নির্মিত হয়েছিল। চতুর্থ আবেষ্টনীর দেয়ালসমূহ সম্পূর্ণরূপে মাটি দ্বারা নির্মিত। চতুর্থ আবেষ্টনীর পরিমাপ হল উত্তরে ৩.০৮ কিমি, পূর্ব ও পশ্চিমে ৫.৭০ কিমি এবং দক্ষিণে ৪.০৮ কিমি।

চতুর্থ আবেষ্টনী দেয়ালের দক্ষিণ পশ্চিম কোণে নির্মিত একটি ছোট দুর্গ ধুমগড় নামে পরিচিত। এর দেয়ালসমূহের পরিমাপ পূর্ব ও পশ্চিমে ২১০ মিটার, উত্তরে ৬১০ মিটার এবং দক্ষিণে ৫২০ মিটার। এই দেয়ালগুলির ১৫ মিটার প্রশস্ত পরিখা দ্বারা পরিবেষ্টিত।

শাহতাজ হোসেন জাহান বলেন, “পর্যটন শিল্পের জন্য ভিতরগড় প্রত্নতত্তস্থল হতে পারে বাংলাদেশের প্রত্নতত্ত নিদর্শনের এক বিশাল ভাণ্ডার।”

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “প্রত্নতত্ত্ব বিষয়ে ৮-১০ বছর আগে যখন কোনো সেমিনারে যেতাম, তখন আগ্রহী লোক খুঁজে পেতাম না। এখন এ নিয়ে কত আগ্রহ!

“এটি এটাই প্রমাণ করে যে, জাতি হিসেবে আমরা উন্নতি করছি। আজ এখানে এসে আমি ইতিহাসের একটি পূর্ণ অধ্যায় জানলাম।”

অনুষ্ঠানে ভিতরগড় দুর্গ খননের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ভিতরগড় প্রমোশনাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।