২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্প প্রস্তাবে স্বীকৃতি পেল ৩ স্কুল

সঠিক নিয়মানুয়ায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রকল্প প্রস্তাবনার জন্য রাজধানীর তিন স্কুলের পরিবেশ ক্লাব পেয়েছে স্বীকৃতি স্মারক সন্মাননা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2016, 08:15 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে কেএল জুবিলি স্কুল অ্যান্ড কলেজের পরিবেশ ক্লাবকে প্রথম, সিদ্দিক ইন্টারন্যাশনাল স্কুলের পরিবেশ ক্লাবকে দ্বিতীয় এবং সিভিল এভিয়েশন হাই স্কুলের পরিবেশ ক্লাবকে তৃতীয় হিসাবে বিজয়ী ঘোষণা করা হয়।

‘উরি ইকো লিডারশিপ স্কুল প্রজেক্ট ইন ঢাকা’ এর আওতায় এই স্বীকৃতি সম্মাননা দেওয়া হয়।

ছাত্র-ছাত্রীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়ানো এবং স্কুল অভ্যন্তরে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্য সামনে রেখে উরি ব্যাংকের সিএসআর তহবিলের আওতায় প্রকল্পটি পরিচালনা করছে কোরিয়া গ্রিন ফাউন্ডেশন, বেসরকারি সংস্থা এমআরডিআই। জাগো ফাউন্ডেশন এ প্রকল্পের সহযোগী অংশীদার।

প্রকল্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সঠিক নিয়ম অনুসরণের মাধ্যমে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করে পরিবেশ ক্লাবগুলো তাদের নিজেদের চিন্তা ও সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে একটি করে প্রকল্প প্রস্তাবনা জমা দেয়। সেরা তিনটি প্রস্তাবনাকে সম্মাননা স্বীকৃতি প্রদান করা হয়।

এর আগে ‘উরি ইকো লিডারশিপ স্কুল প্রজেক্ট ইন ঢাকা’ প্রকল্পের আওতায় ঢাকার ৩০টি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের বর্জ্যের সঙ্গে পরিচিতকরণ এবং পৃথকভাবে বর্জ্য সংরক্ষণের গুরুত্বের পাশাপাশি বর্জ্যের পুনর্চক্রায়ন ব্যবহারের উপরও দেওয়া হয়।

ওরিয়েন্টেশনের পাশাপাশি স্কুলগুলোতে গাছের চারা রোপন এবং বর্জ্য রাখার বিন সরবরাহ করা হয়। এছাড়াও প্রতিটি স্কুলে একটি করে পরিবেশ ক্লাব গঠন করা হয়, যারা স্কুলের অভ্যন্তরের সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টির চর্চা অব্যাহত রাখবে এবং বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেবে।

এরপর সঠিক নিয়ম অনুসরণের মাধ্যমে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনায় স্কুলের পরিবেশ ক্লাবগুলোর কাছ থেকে ওই প্রকল্প প্রস্তাবনা আহ্বান করা হয়।

সেরা তিন প্রস্তাবনাকে স্বীকৃতি প্রদানের অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন উরি ব্যাংক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুন কিউ কিম, এমআরডিআই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান মুকুর, এবং গ্রিন ওয়ার্ল্ড কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হেদায়তুল ইসলাম হেলাল।