এবার নবান্ন উৎসব চারুকলা ও রবীন্দ্র সরোবরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলার সঙ্গে এবার ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে উদযাপিত হবে নবান্ন উৎসব।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী মঙ্গলবার বাংলা মাস অগ্রহায়ণের প্রথম দিন সকালে উৎসবের উদ্বোধন করবেন বলে শনিবার এক সংবাদ সম্মেলনে জানান জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে নবান্ন উৎসব উদযাপনের সামগ্রিক আয়োজন সম্পর্কে তুলে ধরা হয়।
শাহরিয়ার সালাম জানান, উদ্বোধনী অনুষ্ঠানে নবান্ন কথনে তিনি নিজে এবং পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান অংশ নেবেন।
চারুকলার বকুলতলায় ওইদিন সকাল ৭টা এক মিনিটে বাঁশির সুরের মূর্ছনায় উৎসবের সূচনা হবে। এরপর নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, ঢাক-ঢোলের বাদন ও যন্ত্র সঙ্গীত পরিবেশন করা হবে। থাকবে গারোদের ওয়ানগালা নৃত্য।
সকাল ৯টায় বকুলতলা থেকে বের করা হবে নবান্ন শোভাযাত্রা। এটি টিএসসি চত্বর ঘুরে আবার বকুলতলায় ফিরে আসবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু বিকাল ৩টায়, রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ও বকুলতলায় একযোগে ঢাকঢোল বাদনের মধ্য দিয়ে।
দিনব্যাপী এই আয়োজনে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ ছাড়াও সঙ্গীত, নৃত্য ও আবৃত্তিতে উদীচীসহ প্রায় অর্ধশতাধিক সংগঠন অংশ নেবে।
দেশের প্রতিথযশা শিল্পীরা পরিবেশন করবেন আবৃত্তি ও সঙ্গীত। রাতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পর্দা নামবে উৎসবের।
এবারের উৎসবে আর্থিক সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে ল্যাবএইড। ওইদিন উৎসব অঙ্গনের পাশেই বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান, কো- চেয়ারম্যান শুভ রহমান, কাজী মদিনা, মাহমুদ সেলিম, বাবুল বিশ্বাস, মানজার চৌধুরী সুইট, ল্যাবএইডের কর্মকর্তা সাইফুর রহমান লেনিন, পর্ষদের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান সুজা প্রমুখ।
