সন্ত্রাসের বিরুদ্ধে সাংস্কৃতিক গণজাগরণের আহ্বান স্পিকারের
মৌলবাদ-সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানে দেশব্যাপী সাংস্কৃতিক গণজাগরণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
শুক্রবার বিকালে রাজধানীর সুপ্রিম কোর্ট বার কাউন্সিল মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত নবম ‘মৈত্রী উৎসব’ উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি।
‘মৈত্রী উৎসব’- এর প্রথম দিনের আসরে অতিথির বক্তব্যে স্পিকার বলেন, “সাংস্কৃতিক গণজাগরণের মাধ্যমে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভাষাভাষী, ধর্ম বর্ণ গোত্রের মানুষের মধ্য দিয়ে মৈত্রীর বন্ধন তথা সেতুবন্ধন রচনা করা যায়।”
সাংস্কৃতিক বিনিময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে শিরিন শারমিন বলেন, “অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ অর্থাৎ ইনক্লুসিভ ডেমোক্রেসির জন্য সাংস্কৃতিক চর্চা খুবই গুরুত্বপূর্ণ। কালচারাল- রিলিজিয়াস জিয়োগ্রাফি বা সোশ্যাল ইকোনমি যাই বলি না কেন, বিভিন্ন ধর্ম –বর্ণ-পেশার মানুষ কেবল সংস্কৃতির প্ল্যাটফর্মে এসে সুনিবিড় বন্ধনে আবদ্ধ হতে পারেন।”
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়শনের (সিপিএ) এই আরও বলেন, “ইট ক্রিয়েটস দ্য স্কোপ ফর বেটার আন্ডারস্ট্যান্ড অব ডাইভারসিটি। ডাইভারসিটিকে ওন করা, ডাইভারসিটিকে নিয়ে এগিয়ে যাওয়া সহনশীল সমাজব্যবস্থা বিনির্মাণের ক্ষেত্রে সংস্কৃতির গুরুত্ব অপরিসীম।”
ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে এসব ঘটনায় সরকার দৃঢ় পদক্ষেপ নিচ্ছে বলে জানান শিরিন শারমিন।
তিনি বলেন, “বাংলাদেশে সবাই নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্যান্য মূল্যবোধের চর্চা নিয়ে সুন্দরভাবে প্রকাশ করবে সেটাই আমাদের ঐতিহ্য, ইতিহাস। কাজেই আমরা কখনও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না। সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে, সন্ত্রাসকে কখনও প্রশ্রয় দেওয়া হবে না।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি দক্ষিণ এশীয় দেশগুলোর জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।
ফাইল ছবি
অনুষ্ঠানে নৌপরিবহনন্ত্রী শাজাহান খান বলেন, “হিন্দুরা সংখ্যালঘু হিসেবে নিজেদের মনে করছে। তারা এক ধরনের সংকীর্ণতায় ভুগছে। আসলে সংখ্যালঘু তো তারা যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। সাংবিধানিকভাবে আমাদের সবার পরিচয় আমরা বাঙালি।”
নাসিরনগরের ঘটনায় নৌমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তিটি সমাজে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে।
নাসিরনগরের ঘটনাকে ‘অত্যন্ত সামান্য ঘটনা’ হিসেবে মন্তব্য করে সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় মুসলমানদেরও চেয়ে ‘বেশি স্বাচ্ছন্দ্যে’ বাস করছেও বলে দাবি করেন তিনি।
‘মৈত্রী উৎসব’ এর এবারের পর্বে যোগ দিতে ভারত থেকে এসেছেন ‘পদ্মশ্রী’ পদকপ্রাপ্ত সমাজকর্মী ও আসাম বিধানসভার সাবেক বিধায়ক অজয় দত্ত, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের (পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটি) সম্পাদক প্রীতম ঘোষ, আসাম বিধানসভার বিধায়ক ও আসামের বিজেপির মুখপাত্র শিলাদিত্য দেব।
মৌলবাদ-সন্ত্রাসের বিস্তারে ভারতের জনগণের মনে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে বলে মন্তব্য করেন আসাম বিধানসভার বিধায়ক ও আসামের বিজেপির মুখপাত্র শিলাদিত্য দেব।
তিনি বলেন, “রিজিওনাল, রিলিজিয়াস, কমিউনিটি এক্সট্রিমিস্টরা নানাভাবে শাখাপ্রশাখা বিস্তার করেছেন। অর্থোডক্সদের নানা কর্মকাণ্ডে, অত্যাচার-নিপীড়নে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন হিন্দুরা। ক্রমেই কমে আসছে হিন্দু সম্প্রদায়ের মানুষের হার।
“তবে আমি ঢাকায় এসে কজন হিন্দুর সঙ্গে কথা বলেছি। তারা এ দেশকে ভালোবেসে মাটিকে আঁকড়ে ধরে বাঁচতে চান। আমিও তাই চাই। সরকার কঠোরভাবে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে অবশ্যই তা সম্ভব।”
সংখ্যালঘু ইস্যু, দাঙ্গা-হাঙ্গামা আর দেশান্তর ইস্যুতে পশ্চিমা বিশ্বের ‘ষড়যন্ত্র’ দেখছেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের (পশ্চিমবঙ্গ প্রদেশ কমিটি) সম্পাদক প্রীতম ঘোষ।
“গোটা পৃথিবীর আয়তনের ৩ শতাংশ এই ভারতীয় উপমহাদেশ, মোট জনসংখ্যার ২১ ভাগ মানুষ এখানে বাস করে। আর সেই ২১ ভাগ চলতি বিশ্বের অর্থনীতির ৯.১২ শতাংশ নিয়ন্ত্রণ করে। এবার বুঝুন, বৈদেশিক শক্তির মাথা ব্যথার কারণ কোথায়? কেন তারা এই ভারতবর্ষকে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।”
অজয় দত্ত বলেন, “আমরা এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন মুষ্টিমেয় সন্ত্রাসীদের রক্তচক্ষুর ভয়ে তটস্থ হয়ে আছি আমরা। সাম্প্রদায়িকা শুধু বাংলাদেশ আর ভারতে নয়, ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আজ সময় এসেছে সেসব নরঘাতকদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার।”
নাসিরনগর ও গাইবান্ধার ইস্যুতে এই প্রখ্যাত সমাজকর্মী বলেন, “সাম্প্রদায়িকা যে সন্ত্রাসবাদেরই সহোদর ভাই। এখন সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। তারও আগে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সমাজের বড় অংশটিকে এককাতারে দাঁড়াতে হবে।”
আয়োজকরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে হবে ‘সন্ত্রাসবাদ প্রতিরোধে প্রয়োজন বাংলাদেশ-ভারতের গণমানুষের সুদৃঢ় ঐক্য’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক, যাতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকের প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে।
