জাতীয় স্কেলে বেতন-ভাতা চান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা
জাতীয় স্কেলে বেতন ভাতা দেওয়াসহ ছয় দফা জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নেতারা।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) হলরুমে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তারা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলন থেকে ছয়দফা দাবি তুলে ধরা হয়।
এসব দাবির মধ্যে রয়েছে- মাদ্রাসা বোর্ডের নিয়মানুযায়ী আগের সকল শিক্ষককে পুনর্বহাল, মাদ্রাসাগুলোর স্থায়ী নিব্ন্ধন, মাদ্রাসার আসবাবপত্রসহ ভবন নির্মাণ এবং ইবতেদায়ী শিক্ষকদের জন্য পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করা।
দাবি আদায়ে আগামী ১৬ নভেম্বর সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ ও মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও আগামী বছরের ১৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, ১৯৯৪ সালে একই পরিপত্রে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সরকার ২০১৩ সালের ১৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩ টি বেসরকারি প্রাথমিক স্কুল জাতীয়করণ করলেও ইবতেদায়ী মাদরাসাগুলোকে করা হয়নি।
একে ‘বৈষম্য’ আখ্যায়িত করে ক্ষোভের সঙ্গে তারা বলেন, জাতীয়করণ তো দূরের কথা একটি ইবতেদায়ী মাদ্রাসাকেও এমপিওভুক্ত করা হয়নি।
সংগঠনের যুগ্ম মহাসচিব আবু মূসা ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে সমিতির মহাসচিব মোখলেছুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম হিরন, মো. শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আনিসুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
