নাসিরনগরের হামলাকারীদের ধরতে অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের ধরতে ধরপাকড় চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেইটে বটমলি হোমস স্কুল মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রকৃত আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর পাকড়াও চলবে; আর নিরপারাধীদের ছেড়ে দেওয়া হবে।”
নাসিরনগরে হামলার ঘটনা রাষ্ট্রীয়, প্রশাসনিক ও স্থানীয় এই তিন পর্যায়ে তদন্ত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
নাসিরনগরে পাঁচদিনের ব্যবধানে হিন্দুদের বাড়িঘরে দুই দফা হামলা-ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় সর্বশেষ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নাসিরনগর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক দফা অভিযানে এখন পর্যন্ত মোট ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে নাসিরনগর থানার ওসি আবু জাফর বলেন, “ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।”
ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবার নাসিরনগরে ১৫টি মন্দির ভাঙা হয়; ভাংচুর-লুটপাট করা হয় হিন্দুদের শতাধিক ঘর-বাড়ি।
নাসিরনগরের ইউএনও এবং ওসির উপস্থিতিতে সমাবেশে ‘উসকানিমূলক’ বক্তব্যের পর ওই হামলার ঘটনা ঘটায় স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এর পাঁচদিনের মাথায় একই এলাকায় কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় সারা দেশে প্রতিবাদের মধ্যে নাসিরনগর থানার তখনকার ওসি আবদুল কাদির ও ইউএনও চৌধুরী মোয়াজ্জাম আহমদকে প্রত্যাহার করা হয়।
এছাড়া হামলায় ঘটনায় হামলায় সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আওয়ামী লীগের স্থানীয় তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
