২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মবার্ষিকীর আয়োজনে কবি মাহবুব উল আলম চৌধুরীকে স্মরণ

ভাষা আন্দোলনের প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরীর জন্মদিন উপলক্ষে নানা আয়োজন তাকে স্মরণ করেছে বাংলা একাডেমি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 08:42 PM

Updated : 12 Apr 2022, 03:16 AM

কবির ৯০তম জন্মদিন উপলক্ষে একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার বিকালে।

‘`কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ - ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরী।

১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেন মাহবুব উল আলম চৌধুরী।

তার জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচির আলোচনা পর্বে স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

আলোচনায় অংশ নেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং নিশাত জাহান রানা। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

মাহবুব উল আলম চৌধুরী সংস্কৃতিকে সমাজ-পরিবর্তনের হাতিয়ার হিসেবে নিয়েছিলেন বলে সভাপতির বক্তব্যে বলেন অধ্যাপক আনিসুজ্জামান।

তিনি বলেন, “মাহবুব উল আলম চৌধুরীর কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। ভাষা আন্দোলনের প্রথম কবিতার পাশাপাশি ‘সীমান্ত’ পত্রিকার স্মরণীয় কিছু সংখ্যার জন্যও তিনি ইতিহাসের অংশ হয়ে থাকবেন।”

“নানা সাংগঠনিক যুক্ততার মাধ্যমে তিনি নিজেকে বিস্তৃত করেছেন গণমানুষের মাঝে। সংস্কৃতিকে তিনি সমাজ-পরিবর্তনের হাতিয়ার হিসেবে গণ্য করেছেন।”

শিল্পী ফাহমিদা খাতুনের কণ্ঠে ‘আগুণের পরশমণি ছোঁয়াও প্রাণে’ রবীন্দ্রসংগীতের মূর্ছণায় শুরু হয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে কবির ‘কাঁদতে আসি নি ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। এরপর মাহবুব উল আলম চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে নিশাত জাহান রানা নির্মিত ‘একুশের প্রথম কবিতার কবি’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “সাম্প্রদায়িক চিন্তা প্রসারের উন্মত্ততার কালে মাহবুব উল আলম চৌধুরীর মতো অসাম্প্রদায়িক ব্যক্তিত্বকে স্মরণের তাৎপর্য অনেক।”

চট্টগ্রামকেন্দ্রিক প্রগতিশীল শিল্পসাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে তিনি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি জোরদারে ভূমিকা রেখেছেন বলেও মন্তব্য করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “মাহবুব উল আলম চৌধুরী শুধু ভাষা আন্দোলনের প্রথম কবিতার কবি নন, একই সঙ্গে আমাদের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বলতম মানুষও ছিলেন।

“চট্টগ্রাম থেকে ‘সীমান্ত’ পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা, ফ্যাসিবাদ, শোষণ, আগ্রাসন ও পশ্চাদপদতার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থান প্রকাশ করেছেন তারুণ্যের প্রথম প্রভাতেই। তারুণ্যের সঙ্গে তার নিবিড় যুক্ততা বিশেষভাবে উল্লেখের দাবি রাখে।”

মাহবুব উল আলম চৌধুরীর নব্বইতম জন্মদিনকে সবার জন্য এক ‘শুভ-উৎসবের প্রতীক’ হিসেবেও দেখছেন এই প্রখ্যাত গবেষক।

২০০৭ সালের ২৩ ডিসেম্বর ঢাকায় মারা যান একুশের প্রথম কবিতার কবি মাহবুব উল আলম চৌধুরী।  

তার স্মরণানুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকচিত্রী সাঈদা খানম, নূরজাহান বোস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অধ্যাপক শফি আহমেদ, কবি কাজী রোজী, নূহ উল আলম লেনিন, অধ্যাপক এবিএম হোসেন, অধ্যাপক এ এন রাশেদা, কবি কাজী মদিনা, দিল মনোয়ারা মনু, কবি নাসির আহমেদ এবং মাহবুব উল আলম চৌধুরীর পত্নী রওশন আরা রহমান।