প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ক্ষমা করা হবে না।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনেদেত্তো দেলা ভেদোভা সৌজন্য সাক্ষাতে এলে একথা বলেন তিনি।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জঙ্গি-সন্ত্রাসবাদ দমন করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেছেন, সরকার এদের হোতা এবং অর্থ ও অস্ত্রদাতাদের খুঁজে বের করার কাজ করছে।
সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
এর আগে দেশের জেলাগুলোর সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনামূলক যে ভিডিও কনফারেন্স হয়েছিল তা আবার শুরু হবে বলে জানান তিনি।
১ জুলাই গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নয় ইতালীয়সহ ২০ জন নিহত হন। পরে কমান্ডো অভিযান চালিয়ে বেশ কয়েকজন জিম্মিকে উদ্ধার করা হয়।
ওই ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ১০ ঘণ্টার মধ্যে জঙ্গিদের খতম করে জিম্মিদের উদ্ধার করা হয়। এরপর দেশের বিভিন্নস্থানে জঙ্গিদের বিরুদ্ধে সফল অপারেশন চালানো হয়। ওই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সমবেদনা নিহতদের পরিবারের কাছে পৌঁছে দেবেন তিনি।
সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়ে এ বিষয়ে বাংলাদেশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের ৭ শতাংশের ওপর জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রশংসা করে সিনেটর বেনেদেত্তো বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগে ইতালীয়দের আগ্রহের কথা উল্লেখ করে।
একইসঙ্গে ব্লু ইকোনমি ও পোশাক শিল্পেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
