২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম ভবন থেকে সংসদে যাতায়াতে টানেল নির্মাণের সুপারিশ

মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে রাস্তার উল্টোপাশে সংসদ ভবনে যাতায়াতের জন্য টানেল করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ন্যাম ভবনে গাড়িচালকদের বসার ছাউনি, গাড়ি রাখার স্থানসহ শোভাবর্ধক স্থাপনা নির্মাণেরও সুপারিশ করা হয়।

বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সব প্রকল্পের প্লট/ফ্ল‌্যাট বরাদ্দের জন্য একটি যুগোপযোগী বরাদ্দ নীতিমালা প্রণয়নের সুপারিশও করা হয়।

এছাড়া স্থান এলাকা ভেদে বরাদ্দ নীতিমালা পরিবর্তন করা হলেও ক্যাটাগরি ও কোটার হার অপরিবর্তিত রাখারও সুপারিশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণাধীন এলাকার আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেছে।

বৈঠকে রাজউক কর্তৃক উত্তরায় নির্মাণাধীন ফ্লাটের কাজ ত্বরান্বিত করা এবং আকর্ষণীয় প্যাকেজের মাধ্যমে ফ্ল‌্যাট বিক্রির ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটি বাংলাদেশের ভূমির গঠন, ভূমিকম্পন প্রবণতা, পরিবেশ ও জনসংখ্যা বিবেচনায় নিয়ে রাজউক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক আন্তর্জাতিক মান সম্পন্ন পদ্ধতি অনুসরণ করার সুপারিশ করে।

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, একেএম ফজলুল হক, আবু জাহির, আবু সালেহ মোহাম্মদ সাঈদ (দুলাল), নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও নূরজাহান বেগম অংশ নেন।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উদ্দিন খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।