সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি হত্যায় কেয়ারটেকার গ্রেপ্তার
ঢাকার মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহমেদ চৌধুরীকে হত্যার ঘটনায় তার বাড়ির কেয়ারটেকারকে গ্রেপ্তার করে র্যাব বলেছে, তিনিই গলায় রশি পেঁচিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান।
র্যাব-৪ এর অধিনায়ক লুৎফুল কবির জানান, কেয়ারটেকার আবদুল আহাদকে (৩৫) বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেন তারা।
ওয়াজি আহমেদ চৌধুরী (৭৬) বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পদ থেকে ১৯৯২ সালে অবসরে যান। তার দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। ঢাকার মহাখালী ডিওএইচএসের বাসায় বাক প্রতিবন্ধী ছোট ছেলে ফুয়াদ আহমেদ চৌধুরীকে (৪০) নিয়ে থাকতেন তিনি।
গত ৫ অক্টোবর সন্ধ্যায় ফুয়াদ বাসায় ফিরে বাবাকে অচেতন অবস্থায় পান। সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশের গলায় কালো দাগ এবং বুকের বাঁ পাশ আর ডান পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে সেদিন পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছিল।
ওয়াজি আহমেদের ভাতিজা রেশাদ আহমেদ চৌধুরী পরদিন কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে বাসার কেয়ারটেকার আবদুল্লাহ ওরফে আবদুল আহাদকে আসামি করা হয়। বাসা থেকে একটি টেলিভিশন, মোবাইল ফোন ও ল্যাপটপ খোয়া গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
ওয়াজি আহমেদ চৌধুরী
ব্রিফিংয়ে জানানো হয়, ওয়াজি আহমেদের বাসায় ছয় হাজার টাকা বেতনে কেয়ারটেকারের কাজ করতেন আহাদ। ঘটনার আগের দিন ফুয়াদ তার মোটর সাইকেল তার মামার গাড়ির সঙ্গে তালা মেরে রাখায় মামার বাড়ির কেয়ারটেকারের সঙ্গে তার ঝগড়া হয়। মামার বাড়ির কেয়ারটেকার সেদিন ফুয়াদকে মারধরও করে।
লুৎফুল কবির বলেন, আহাদের সামনেই সেদিন ওই ঘটনা ঘটে। আহাদ সাহায্য না করে নীরবে দাঁড়িয়ে থাকায় পরে ফুরাদ তাকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে আহাদ পরদিন ওয়াজি আহমেদকে জানাস, তিনি আর ওই বাসায় কাজ করতে চান না, তার বেতন যেন বুঝিয়ে দেওয়া হয়।
“ওয়াজি আহমেদ বেতন দিতে রাজি না হওয়ায় আহাদ ভয় দেখাতে একটি রশি নিয়ে আসে। ওয়াজি আহমেদ ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে আহাদ গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর বাসা থেকে চার হাজার টাকা, একটি টেলিভিশন ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে সে জানিয়েছে।”
সাবেক সেনা কর্মকর্তা ওয়াজি আহমেদের স্ত্রী আতিয়া চৌধুরী বছর ছয়েক আগে মারা যান। তাদের বড় ছেলে নাবিদ আহমেদ চৌধুরী (৪৪) প্রায় এক দশক ধরে থাকেন আমেরিকায়।
