২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেন স্মরণে কর্মসূচি

এরশাদবিরোধী আন্দোলনে শহীদ নূর হোসেনকে বৃহস্পতিবার নানা কর্মসূচিতে স্মরণ করবে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 09:06 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

১৯৮৭ সালের ১০ নভেম্বর এরশাদবিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর ‘জিরো পয়েন্টে’ পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন।

এরশাদবিরোধী আন্দোলনের সেই দিনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’- স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন নূর হোসেন।

অটোরিকশাচালক বাবার সন্তান নূর হোসেনের জন্ম ১৯৬১ সালে ঢাকার নারিন্দায়। অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে নূর হোসেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন।

নূর হোসেন ছাড়াও সেই আন্দোলনে আরেক যুবলীগ নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের সিপিবি নেতা আমিনুল হুদা টিটো পুলিশের গুলিতে নিহত হন।

তাদের আত্মত্যাগে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।

তারপর থেকে প্রতি বছরের ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস। আর জিরো পয়েন্টের নাম করা হয়েছে নূর হোসেন চত্বর।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শহীদ নূর হোসেন সংসদ সকাল ৮টায় জুরাইন নূর হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করবে।

আওয়ামী লীগ সকাল সাড়ে ৭টায় শহীদ নূর হোসেন চত্বরে পুষ্পমাল্য অর্পণ করবে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের সব শাখাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

দিবসটি উপলক্ষে সকাল থেকে আওয়ামী লীগের সব কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা তোলা হবে। এছাড়া দোয়া ও আলোচনা সভার কর্মসূচিও রয়েছে।