১১ নভেম্বর থেকে ঢাকায় ‘শচীন দেববর্মণ সংগীত উৎসব’
উপমহাদেশের কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী শচীন দেববর্মণ স্মরণে ১১ নভেম্বর ঢাকায় সঙ্গীত উৎসব আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা।
১১ নভেম্বর সন্ধ্যা ৬টায় রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সেদিনের আসরে বিশেষ অতিথি থাকবেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, ভারতের সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নবনালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র। উৎসবের উদ্বোধনী সন্ধ্যার আসরে সভাপতিত্ব করবেন ‘শচীন দেববর্মণ সংগীত উৎসব’-উদযাপন পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।
সেদিন সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে দলীয় সংগীত পরিবেশন করবে বহ্নিশিখা। একক সংগীত পরিবেশন করবেন সজিব চৌধুরী, মামুন জাহিদ খান, তানসেন রহমান, আবিদা রহমান সেতু, ভারতের কলকাতার দোলা বন্দোপাধ্যায়। কোরিওগ্রাফি পরিবেশনা করবে কলকাতার নবনালন্দা।
১২ নভেম্বর উৎসবের দ্বিতীয় দিনের আসরে একক সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, সুজিত মোস্তফা, বাবু রহমান, চন্দনা মজুমদার, রুপালি চম্পক, পাপিয়া, সন্দিপন, ত্রিপুরার রাকেশ দেববর্মণ, তনুজা দেববর্মণ ও সুব্রত দেবনাথ। সেদিনের আসরে নৃত্য পরিবেশন করবে স্পন্দন ও বহ্নিশিখা।
১৩ নভেম্বর সন্ধ্যায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা। আসরের প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে সাংস্কৃতিক পর্বে সৌমিত্র ড্যান্স গ্রুপ পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’, সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’। নৃত্য পরিবেশন করবে বহ্নিশিখা, ভারতের বহরমপুরের কলাক্ষেত্র।
গতকাল বুধবার সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনের এক সংবাদ সম্মেলনে এই সূচি জানায় শচীন দেববর্মণ সংগীত উৎসব ও নৃত্যসন্ধ্যা পর্ষদ।
পর্ষদের পক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ বলেন, “শচীন দেববর্মণ বাংলার লোকসঙ্গীতের দূত। তিনি লোকগানকে ভারতে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ব্যবহার করেছিলেন। লোকগানের প্রসঙ্গটি উঠে আসলে তার নামটি যথেষ্ট গুরুত্বসহকারে উঠে আসবে। এ উৎসবের মাধ্যমে আমরা তাকে স্মরণ করতে চাই।”
বহ্নিশিখা এই উৎসবটি যখন আয়োজন করতে যাচ্ছে, তখন ঢাকার আর্মি স্টেডিয়ামে চলবে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। সংবাদ সম্মেলনে প্রসঙ্গতই উঠে আসে দর্শক ইস্যুটি। তার জবাবও তৈরি করে রেখেছিলেন হাসান আরিফ।
সান ইভেন্টস- এর আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ও বেঙ্গল ফাউন্ডেশনের আন্তর্জাতিক উচ্চাঙ্গসংগীত উৎসবকে হাসান আরিফ দেখছেন এক ধরনের ‘উন্মাদনা’ হিসেবে।
“আমরা এখন সাংস্কৃতিক কর্মকাণ্ডের নামে এক ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছি। এসব উন্মাদনা আমাদের সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তথা আন্দোলনে কিসসু যোগ করতে পারে না।”
“তারা বলছে, ৫০ হাজার লোকের সমাগম হয় সেসব আসরে। কিন্তু লোকসঙ্গীতের বা উচ্চাঙ্গসঙ্গীতের আসর করে দেখুন, ৫০০ আসনের হলে ১০০ দর্শকই খুঁজে পাওয়া যায় না। তারা মনে করছে, সংস্কৃতি কেবল একটি বিলাসী শ্রেণির মধ্যে আবদ্ধ। তারা যা করছে, আসলে তা এক সংখ্যাতত্ত্ব ছাড়া আর কিছু না। আমরা এমন কোনো তত্ত্বে বিশ্বাসী নই।”
