২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী ছায়েদুলের বিরুদ্ধে মানহানির অভিযোগ

নাসিরনগরের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির অভিযোগ করেছেন একজন আইনজীবী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 08:24 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগকারী আমিনুল ইসলাম আর্জিতে নিজেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য উল্লেখ করেছেন।

আর্জিতে তিনি বলেন, “ছায়েদুল গত সোমবার সাংবাদিক সম্মেলনে বলেছেন, হরিপুর ও গোকর্ণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় ব্র্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ব ম ওবায়দুর মোক্তাদির চৌধুরী ৭৫ লাখ এবং সাধারণ সম্পাদক আল মামুন সরকার ৪০ লাখ টাকার বিনিময়ে প্রার্থী মনোনয়ন দিয়েছেন। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকেও জানিয়েছেন।”

তার এ বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচারের ফলে জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে তার মানহানি হয়েছে বলে আর্জিতে বলেছেন আইনজীবী আমিনুল।

মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ১৪ নভেম্বর আদেশের জন্য দিন রেখেছেন।

ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েকটি হিন্দু পল্লীতে হামলা হয়। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের তিন নেতাকে দল থেকে বহিষ্কারের ঘটনায় হামলার পিছনে রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি আলোচনায় আসে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন নিয়ে গত মার্চে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মন্ত্রী ছায়েদুল হকের দ্বন্দ্ব তৈরি হয়। নাসিরনগরের এমপি ছায়েদুল দলের জেলা কমিটিতে আছেন উপদেষ্টা হিসেবে।

সে সময় হরিপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হলে জেলা কমিটি তাতে আপত্তি তোলে।

জেলা কমিটির নেতাদের বক্তব‌্য ছিল, ফারুকের বাবা তাজুল ইসলাম ওরফে তাইজুদ্দিন একাত্তরে একজন রাজাকার হিসেবে যুদ্ধাপরাধে লিপ্ত ছিলেন। আর মন্ত্রী ছায়েদুল হক একক সিদ্ধান্তে একজন ‘রাজাকারপুত্রকে’ দলের মনোনয়ন দিচ্ছেন।

এ নিয়ে সে সময় মিছিল-সমাবেশও হয়। বিতর্ক তৈরি হওয়ায় পরে হরিপুরে আওয়ামী লীগের মনোনয়ন পান দেওয়ান আতিকুর রহমান আঁখি। নির্বাচনে জিতে তিনিই এখন হরিপুরের চেয়ারম‌্যান।