সাগরে নিখোঁজ ১২ জেলেকে জীবিত উদ্ধার
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া জেলেদের মধ্য থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করেছে নৌ-বাহিনী।
নৌ-বাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ মঙ্গলবার দুপুরে কক্সবাজার উপকূল থেকে ৩০-৪০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উদ্ধাররা হলেন- মহেলখালী থানার শাপলাপুর গ্রামের আবুল কাশেম, মো. তৌহিদুল ইসলাম, কাইছার, মো. আলমগীর, মোস্তাক আহমেদ, মো. আব্দুস শুক্কুর, মো. ইয়াছিন, মো. ইলিয়াছ, মো. জসিম উদ্দিন, মো. মনির এবং নাজেম উদ্দিন।
এছাড়া চকরিয়া থানার ফাসিয়াখালি গ্রামের মো. মোবারক এবং চরফ্যাশন থানার মো. আলমগীরকেও উদ্ধার করা হয়েছে।
জেলেদের উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মাছ ধরতে গত ৩ নভেম্বর ‘এফভি রোহান’ নামের একটি ট্রলারে মহেশখালী থেকে গভীর সমুদ্রে যান তারা।
তিন দিন পানিতে ভাসমান থাকার পর মঙ্গলবার এফভি সীমান্ত-১ নামের আরেকটি ট্রলার তাদের ভাসমান অবস্থায় খুঁজে পায়। পরে বেতারে খবর পেয়ে নৌ-বাহিনীর জাহাজ স্বাধীনতা তাদের উদ্ধার করে।
উদ্ধার জেলেদের চিকিৎসার জন্য নৌ-বাহিনীর হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে নৌ-বাহিনীর জাহাজ ‘বঙ্গবন্ধু’ ও ‘মধুমতি’ কক্সবাজারের উপকূলীয় এলাকায় উদ্ধার তল্লাশি চালাচ্ছে।
