২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জসীমউদ্দিন রাহমানীর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গতি

অনুমোদন জটিলতায় প্রায় দুই বছর আটকে থাকার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ দশজনের ‍বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২৭ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির জন্য দিন রেখেছেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জসীমউদ্দিন রাহমানী ছাড়া বাকি আসামিরা হলেন- সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে বাবু ওরফে নাঈম, মো. আবু হানিফ, মো. জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুন্নুন, আমিনুল ইসলাম, আলী আজাদ ও আব্দুল্লাহ আল আসাদুল্লাহ ওরফে পিয়াস।

উগ্রপন্থি খুতবা ও বয়ান প্রচারের মাধ্যমে জঙ্গি তৎপরতায় প্ররোচিত করার অভিযোগে ২০১৩ সালের ২৫ অগাস্ট মোহাম্মদপুর থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।

পরের বছর ৮ সেপ্টেম্বর পরিদর্শক আব্দুল লতিফ শেখ আদালতে দশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। সেখানে বলা হয়, আসামিরা দেশের সার্বভৌমত্ব বিপণ্ন করার ষড়যন্ত্র এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।

কিন্তু সন্ত্রাসবিরোধী আইনে মামলার বিচার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ‌্যবাধকতা থাকায় মামলার কার্যক্রম আটকে যায় বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল জানান।

সেই অনুমোদন মেলার পর মঙ্গলবার আদালত অভিযোগপত্র আমলে নিয়ে মামলার কার্যক্রম আবার শুরু করে।

তাপস বলেন, মামলার প্রধান আসামি রাহমানীর সন্দেহজনক আর্থিক লেনদেনের কথা এসেছে অভিযোগপত্রে।

সেখানে বলা হয়েছে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রাহমানী আল আরাফা ইসলামী ব্যাংকের ধানমন্ডি, দিলকুশা, মতিঝিল, মিরপুর, নর্থসাউথ রোড, বরিশাল ও কুমিল্লার বিভিন্ন শাখায় দুই কোটি ৪৮ লাখ ৪৪ হাজার টাকা জমা ও উত্তোলন করেছেন।

“এর মধ্যে বরিশালের অ্যাকাউন্টে তার পরিচয় দেওয়া হয়েছে ‘চাকরিজীবী’, অন্যান্য শাখায় ইমাম। ওই অর্থ জঙ্গি তৎপরতায় ব্যাবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

আসামিদের মধ‌্যে সাইফুল ইসলাম ওরফে প্রিন্স, আবু হানিফ ও জাহিদুর রহমানকে এদিন কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

বাকি আসামিদের মধ‌্যে আজাদ জামিনে এবং বাকিরা পলাতক রয়েছেন বলে জানান তাপস।