২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী নৌবাহিনীর বিকল্প নেই: রাষ্ট্রপতি

সমুদ্র সম্পদ আহরণ ও এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 12:24 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

চট্টগ্রামে মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি ঈসা খানকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, ব্লু-ইকোনমি জাতির ভাগ্য উন্নয়নে অপরিসীম অবদান রাখতে সক্ষম বলে সমুদ্র সম্পদ আহরণ এবং এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

“আমাদের বিশাল সমুদ্রাঞ্চলে রয়েছে মৎস্য, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদসহ অনাবিষ্কৃত মূল্যবান সম্পদ। এসব সম্পদ রক্ষা, আহরণ ও সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি শক্তিশালী, আধুনিক ও নির্ভরযোগ্য নৌবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর এ ঘাঁটি কর্মকর্তা ও নাবিকদের পেশাগত প্রশিক্ষণ ও অন্যান্য অপারেশনাল কাজে সহায়তা প্রদানের মাধ্যমে ‘অসামান্য অবদান’ রাখার স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ এ ন্যাশনাল স্ট্যান্ডার্ড দেন।

রাষ্ট্রপতি পরিবেশ রক্ষাসহ গুরুত্বপূর্ণ কাজে নৌবাহিনীর সদস্যদের অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “বিগত দিনগুলোতে আপনারা দেশ গঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর তৎপরতা সকলের প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতে পরিবেশ রক্ষাসহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নৌবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি আশা করি।

“আপনারা উঁচু পেশাদারিত্ব, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং কর্মদক্ষতার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন এবং নৌবাহিনীর অর্জিত মর্যাদা সর্বদা সমুন্নত রাখবেন- এ আমার প্রত্যাশা।”

অনুষ্ঠানে উপকূলীয় এলাকার নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আবদুল হামিদ বলেন, “আমাদের রয়েছে ৭১০ কি.মি. উপকূল এলাকা, যেখানে প্রায় তিন কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহের জন্য সমুদ্রের উপর নির্ভরশীল। বহির্বিশ্বের সাথে দেশের বাণিজ্যের ৯০ ভাগেরও বেশি সমুদ্রপথেই পরিচালিত হয়ে থাকে। এমতাবস্থায় আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সমুদ্র এলাকার উন্নয়ন ও নিরাপত্তা বিধান করা অপরিহার্য।”

পরে প্যারেডে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল রাষ্ট্রপতিকে সালাম জানায়। এর আগে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্যারেডে বিভিন্ন প্রকার ড্রিল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যরা, চট্টগ্রামের সংসদ সদস্য, সেনা ও বিমাবাহিনী প্রধানসহ বেসমরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার বিকেলে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম পৌঁছান। প্যারেড গ্রাউন্ডে তাকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ স্বাগত জানান।