এরশাদের রাডার মামলায় পুনঃসাক্ষ্যের আবেদন নাকচ
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে রাডার কেনায় দুর্নীতির মামলাটিতে পুনরায় সাক্ষীর সাক্ষ্য নিতে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট মামলাকারী দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে যাবেন বলে জানিয়েছেন।
২১ বছর আগের করা এই মামলাটি বিচারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর ২০১৪ সালে ঢাকার তৎকালীন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আবদুর রশীদ শুনানিতে বিব্রত বোধ করেন।
এরপর মামলাটি কামরুল হোসেন মোল্লার আদালতে আসে। তিনি সোমবার পুনঃসাক্ষ্যের আবেদন খারিজ করে যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ১৭ নভেম্বরে দিন ঠিক করে দিয়েছেন।
এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন জানিয়ে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলাটিতে কম গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য নিয়ে যুক্তিতর্কের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। যে কারণে অভিযোগ প্রমাণ কঠিন হয়ে পড়ে। যে কারণে আমি গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য নেওয়ার জন্য আবেদন করেছিলাম।
“এই আবেদন করা হয়েছিল দুর্নীতি দমন কমিশনের প্রধানের অনুমতি নিয়ে। কিন্তু বিচারক তা শোনেননি। এ মামলায় শুধু জব্দ তালিকার সাক্ষীসহ অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হয়। ঘটনার সময় যারা যারা সংশ্লিষ্ট দপ্তরে যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি করতেন সে রকম সাক্ষীরা বাদ পড়েছিলেন।”
এই আইনজীবী গত ২১ অক্টোবর মামলায় পুনরায় সাক্ষ্য নেওয়ার আবেদন করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, মামলায় ৩৮ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। ন্যায়বিচারের জন্য মামলাটির নতুন করে সাক্ষ্য নেওয়ার প্রয়োজন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের বিরুদ্ধে এই মামলায় তার শাসনামলে ফ্রান্সের থমসন সিএসএফ কম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিন কম্পানির রাডার কিনে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো (বর্তমানে বিলুপ্ত) মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল হয়।
১৯৯৫ সালের ১২ অগাস্ট এরশাদসহ চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর ১৯৯৮ সাল পর্যন্ত মামলার কার্যক্রম সুপ্রিম কোর্টের আদেশে স্থগিত ছিল। সাক্ষ্যগ্রহণে কোনো বাধা না থাকলেও ২০০৯ পর্যন্ত তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বাদী আলী হায়দারকে আদালতে হাজির করেনি।
মামলার ১৮ বছর পর ২০১০ সালের ১৯ আগস্ট শুরু হয় বাদীর সাক্ষ্যগ্রহণ। প্রায় ১০টি ধার্য তারিখের পর ২০১২ সালের ১ মার্চ বাদীর সাক্ষ্য শেষ হয়।
২০১৪ সালের ১৫ মে এ মামলায় আত্মপক্ষ সমর্থনের দিন এরশাদ নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বক্তব্য দিয়েছিলেন। সেদিন অন্য দুই আসামি বিমান বাহিনীর সাবেক দুই শীর্ষ কর্মকর্তা মমতাজ উদ্দিন আহমেদ ও সুলতান মাহমুদও নিজেদের নির্দোষ দাবি করে বক্তব্য দিয়েছিলেন। অন্য আসামি এ কে এম মুসা শুরু থেকেই পলাতক।
বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ এই মামলায় সশরীরে আদালতে হাজির হওয়ার দায় থেকে মুক্তি পেয়েছেন।
এরশাদের ব্যক্তিগত হাজিরা মওকুফ হওয়ায় তার আইনজীবীই তার পক্ষে হাজির থাকেন প্রতি ধার্য তারিখে।
