জহির রায়হানপুত্রের সাপ্তাহিক ইন্টারনেটে
সাপ্তাহিক পত্রিকা ‘জীবন থেকে নেয়া’র ইন্টারনেট সংস্করণ উদ্বোধন হয়েছে।
চলচ্চিত্রকার জহির রায়হানের চলচ্চিত্রের নামে গড়ে ওঠা এই সাপ্তাহিকটির সম্পাদক তারই ছেলে বিপুল রায়হান।
অধ্যাপক আনিসুজ্জামান রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে রোববার এক অনুষ্ঠানে পত্রিকাটির অনলাইন যাত্রা উদ্বোধন করেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানও অনুষ্ঠানে ছিলেন।
অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন এ ইন্টারনেট পত্রিকার শুভ কামনা করেন।
অনুষ্ঠানে বিপুল রায়হান বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্রের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। পত্রিকাটির নামকরণে পিতার সেই কর্ম প্রেরণা হিসেবে কাজ করেছে।”
সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় রূপান্তরের পরিকল্পনাও রয়েছে বলে জানান বিপুল।
