২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের আঁকা ছবি নিয়ে রাজধানীতে দুইদিনের প্রদর্শনী শুরু

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে দুই দিনব্যাপী একটি প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 01:22 AM

Updated : 20 Aug 2022, 02:09 PM

শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে শুরু হওয়া এই প্রদর্শনীর ছবি বাছাই করা হয়েছে পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল আয়োজিত সপ্তম জাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতার মাধ্যমে।

নবান্নের ধান কাটা থেকে শীতের পিঠা বানানো, বর্ষায় তুমুল বৃষ্টি আর জ্যৈষ্ঠের আম বাগান- শিশুদের আঁকা ছবিতে স্থান পেয়েছে এমন বিচিত্র সব বিষয়। ক্যানভাসে তারা ভাষা আন্দোলন, সাতই মার্চের ভাষণসহ বাঙালির রক্তঝরা ইতিহাসও ফুটিয়ে তুলেছে।

এসবের মধ্য থেকে বাছাই করা ছবি নিয়ে চিত্র প্রদর্শনীর উদ্বোধনের পাশাপাশি এদিন খুদে আঁকিয়েদের মাঝে পুরষ্কার বিতরণও করা হয়।

তিন থেকে ১৫ বছর বয়সী প্রায় সাড়ে তিন হাজার শিশু-কিশোর বয়স ভিত্তিক চারটি গ্রুপে ভাগ হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে ৬১ জন শিশু পুরস্কার লাভ করেছে।

এদের মধ্যে একজন চ্যাম্পিয়ন, চার গ্রুপের চারজনকে প্রথম, চারজনকে দ্বিতীয় ও ৫২ জনকে বিজয়ী হিসেবে পুরষ্কার দেওয়া হয়।

চ্যাম্পিয়ন পুরস্কার পেয়েছে কিশোরগঞ্জের তন্ময় রায়। তাকে ১০ হাজার টাকার প্রাইজবন্ড, চ্যাম্পিয়ন গোল্ডেন ট্রফি, সনদপত্র ও বই পুরষ্কার দেওয়ার পাশাপাশি উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

এছাড়া ‘ক’ গ্রুপ থেকে ঢাকার সৈয়দ ফাহিম মাহমুদ জয়, ‘খ’ গ্রুপ থেকে ঢাকার সামাইলাহ সারোয়ার রাইশা, ‘গ’ গ্রুপ থেকে ঢাকার হাসান মুশফিক শাবাব ও ‘ঘ’ গ্রুপ থেকে নারায়ণগঞ্জের সামিয়া মল্লিক অর্পিতা প্রথম স্থান লাভ করে।

তাদের প্রত্যেককে পুরষ্কার হিসেবে দুই হাজার টাকার প্রাইজবন্ড, সনদপত্র, বই ও উত্তরীয় দেওয়া হয়।

পুরষ্কারপ্রাপ্ত ৬১ জনের ছবি নিয়ে দু্‌ইদিনের এই প্রদর্শনী শেষদিন রোববার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

পুরষ্কার বিতরণীতে ভাষা সৈনিক আহমেদ রফিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের চেয়ারম্যান শিশু সাহিত্যিক কাইজার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী এবং এ বি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক চিত্রশিল্পী মামুন কায়সার, কথাশিল্পী আতা সরকার এবং পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বাবু উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে সহযোগিতা করে এবি ব্যাংক।