২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফরুলে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে ৩২টি মাথার খুলিসহ মানুষের শরীরের বিভিন্ন অংশের কয়েক কার্টন হাড় উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 07:46 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাফরুলের ইটখোলা বাজার এলাকার ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে এসব হাড় উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কাফরুল থানার এসআই আবদুস সালাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ভবনের অন্যান্য বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একজনকে গ্রেপ্তারের পাশাপাশি মানুষের মাথার ৩২টি খুলিসহ কয়েক কার্টন হাড় উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মো. কামরুজ্জামান (৩৪) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক পরিচয় দিয়ে বাসা ভাড়া নিলেও পুলিশের কাছে নিজেকে ন্যাশনাল মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র বলে পরিচয় দিয়েছেন।

বাড়ির মালিক ইলিয়াস সাইফুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কামরুজ্জামান এক মাস আগে নিজেকে সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক পরিচয় দিয়ে বাড়ির দ্বিতীয় তলা ভাড়া নেন। পুরান ঢাকায় তার কেমিক্যালের ব্যবসা রয়েছে বলেও জানিয়েছিলেন।”

তিনি জানান, শনিবার দুপুরের দিকে তৃতীয় তলার এক বাসিন্দা দ্বিতীয় তলায় কোনোকিছুকে জোরে হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে এমন শব্দ ও বিকট গন্ধ পেয়ে সেখানে যান। বারবার দরজায় কড়া নাড়ার পরও প্রথমে বাড়ির দরজা খুলছিলেন না কামরুজ্জামান।

“পরে বাড়ির অন্য বাসিন্দারা গেলে তিনি দরজা খোলেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে দেখা যায়, অনেকগুলো কার্টনে মানুষের মাথার খুলি, হাড়, হাত ও পায়ের হাড় রয়েছে। কিছু জিনিস বাড়ির মেঝেতেও পড়ে রয়েছে।”

বাসায় মানুষের মরদেহ এনে সেটা প্রক্রিয়াজাত করে কঙ্কাল তৈরি করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাড়ির মালিক সাইফুল্লাহ।

এসআই আবদুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পর পুলিশ কামরুজ্জামানকে পায়; নিজেকে ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শেষ বর্ষের ছাত্র বলে পরিচয় দিচ্ছেন তিনি।

ওই বাসায় শাহীন ও রুবেল নামে তার দুই সহকারীও থাকতেন, যারা পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে গেছেন বলে জানান এই পুলিশ সদস্য।

কিভাবে ও কেন সেখানে মানুষের শরীরের বিভিন্ন অংশের হাড় এসেছে সেগুলো যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর জোনের উপ-কমিশনার মাসুদ আহমেদ।