বাবার কারা স্মৃতিচিহ্নের সামনে হাসিনা
নাজিমউদ্দিন রোডের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মৃতিবিজড়িত স্থানগুলো ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বিকাল ৩টা ২০মিনিটে প্রধানমন্ত্রী দুইশ বছরের পুরনো এই কারাগারে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।
কারাগারের ভিতরে ঢুকেই প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব কারা স্মৃতি জাদুঘরে যান হাসিনা। সেখানে বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে পুষ্পপস্তবক অর্পণ করেন তিনি।
সম্প্রতি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরের পর পুরনো কারাগারটি ঐতিহাসিক স্থান হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় সরকার।
ওই কারাগারে বঙ্গবন্ধুকে যে সেলে রাখা হত তা পরে জাদুঘরে রূপান্তর করা হয়।
বাবার এসব স্মৃতিচিহ্ন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধুর দুই মেয়ে।
প্রায় ২৫ মিনিট কারা স্মৃতি জাদুঘরে অবস্থানের পর প্রধানমন্ত্রী যান জাতীয় চার নেতার স্মৃতিবিজড়িত স্থানে।
জাতীয় চার নেতাকে যেসব সেলে হত্যা করা হয়েছিল সেগুলোও সংরক্ষণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী চার নেতার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালনের মধ্য দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেলগুলো ঘুরে দেখেন তিনি।
