মিরপুরে স্টেডিয়ামের সামনে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু
রাজধানীর মিরপুরে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে ট্রাকচাপায় রিকশাআরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্রথম দিন শুক্রবার রাতে স্টেডিয়ামেরভিআইপি গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে মিরপুর থানার এএসআই মাহফুজুল হক জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সোয়া ৯টার দিকে ট্রাকটি পিছন দিক থেকে রিকশায় ধাক্কা দিলে আরোহী বাবা-ছেলে নিচে পড়ে যান। পরে তাদের উপর দিয়ে ট্রাক উঠে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- আসাদুজ্জামান (৩৮) ও তার ছয় বছরের ছেলে রূপম।
তারা রিকশায় করে মিরপুর ৬ নম্বরে নিজেদের বাসায় ফিরছিলেন বলেমিরপুর থানার ওসি ভুইয়া মাহবুব হোসেন জানান।
মিরাজ নামে আসাদুজ্জামানের এক বন্ধু জানান, বনশ্রীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন আসাদ। সিএ পড়ছিলেন তিনি।
তাদের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকটি আটক এবং এর চালক শহীদ মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি মাহবুব জানান।
প্রথম দিন বিপিএলের দুটি ম্যাচ থাকলেও বৃষ্টিতে তা পরিত্যক্ত হয়।
