২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিতরগড়ের সুরক্ষায় আদালতের নির্দেশনা উপেক্ষার অভিযোগ

উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে উন্মোচিত হাজার বছর প্রাচীন দুর্গনগরী ‘ভিতরগড়’র সুরক্ষায় আদালতের নির্দেশনা উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করেছেন ঐতিহাসিক এই স্থানটি নিয়ে গবেষণারত প্রত্নতাত্ত্বিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 10:46 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

জেলা শহর হতে ১৬ কিলোমিটার উত্তর-পূর্বে সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ২৫ বর্গ কিলোমিটারজুড়ে এই প্রাচীন নগরীটি অবস্থিত।

এই স্থানটি নিয়ে গব্ষেণারত অধ‌্যাপক শাহনাজ হুসনে জাহানের দাবি, ভিতড়গড় দুর্গ বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রাচীন নগরীগুলোর মধ্যে সর্ববৃহৎ।

অধ্যাপক শাহনাজ ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের পরিচালক। এই বেসরকারি বিশ্ববিদ‌্যালয়ের একদল শিক্ষার্থীকে নিয়ে ২০০৮ সাল থেকে প্রাচীন এই জনপদের রহস্য উন্মোচনে কাজ করছেন তিনি।

খনন কাজে উঠে আসা স্থাপনার নির্মাণ কৌশল দেখে অধ‌্যাপক শাহনাজ ধারণা করেছিলেন, ষষ্ঠ শতকে নির্মিত এই নগরীটি দ্বাদশ শতক পর্যন্ত টিকে ছিল।

তবে সর্বশেষ আবিষ্কৃত স্থাপনার সন্ধান পাওয়ার পর এর নির্মাণ শৈলী, আকৃতি ও ইটের গঠন দেখে তিনি এখন মনে করছেন, এসব স্থাপনা অষ্টম শতকে নির্মিত হয়েছিল।

ঐতিহাসিক গুরুত্বের স্থানটিতে নানা ধরনের নির্মাণকাজের খবর গণমাধ্যমে দেখার পর দুর্গনগরী ভিতরগড়কে কেন প্রত্নতাত্ত্বিক এলাকা ঘোষণা করতে নির্দেশ দেওয়া হবে না, ২০১১ সালের ১৪ জুনের এক আদেশে তা সরকারের কাছে জানতে চেয়েছিল হাইকোর্ট।

পরের বছরের ২৪ জানুয়ারি ওই রুলের শুনানিতে হাই কোর্টের আরেকটি বেঞ্চ ভিতরগড় দুর্গনগরীতে মাটি খোঁড়া ও সব ধরনের নির্মাণ কাজের ওপর স্থিতাবস্থা জারির নির্দেশ দেন। তবে প্রত্নতাত্ত্বিক খননকাজের স্বার্থে গবেষকদের উপর এই নির্দেশনা বর্তাবে না।

একইসঙ্গে ভিতড়গড়ের প্রত্নতাত্ত্বিক এলাকার সীমানা নির্ধারণে একটি কমিটি গঠনেরও নির্দেশ দেয় আদালত।

প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক; ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বা ইতিহাস বিভাগের একজন করে অধ্যাপক; পঞ্চগড়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বরেন্দ্র জাদুঘরের কাস্টডিয়ানকে সীমানা নির্ধারণ কমিটিতে রাখতে বলা হয়।

শাহনাজ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও ভিতরগড় দুর্গ এলাকায় বিভিন্ন ধরনের নির্মাণকাজ চলছে। সেখানে রাস্তা, বাড়িঘর ও অন্যান্য স্থাপনা নির্মাণ করছেন স্থানীয়রা।

“প্রাচীন ইটের দেয়াল ভেঙে বিল্ডিং করা হয়েছে। ২০ থেকে ৩০ ফুট ইটের দেয়াল কেটে ফেলে দিয়ে সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। এক্ষেত্রে জেলা প্রশাসকের নিষেধকেও অমান্য করেছে স্থানীয়রা।”

দুর্গের চারটি বেষ্টনির অভ্যন্তরে এখন পর্যন্ত নয়টি স্থাপনা পাওয়া গেছে বলে খননকাজের সঙ্গে যুক্তরা জানিয়েছেন। এর মধ্যে আটটি মন্দির ও একটি আবাসস্থল।

অধ্যাপক শাহনাজের মতে, পূর্ব পশ্চিমে নদী থাকার কারণে নগরটি সব সময় যাতে বন্যামুক্ত থাকে সেজন্যই পর পর চারটি বিশাল দেয়াল নির্মাণ করা হয়।

প্রত্নতাত্ত্বিক জরিপে ২৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে দুর্গনগরীর বিস্তৃতি পাওয়া গেছে।

ভেতরের দুটি প্রাচীর সুদৃশ্য ইটের ও অন্য দুটি মাটির তৈরি। প্রাচীরগুলো ১৫ থেকে ১৮ ফুট উঁচু এবং ৭ থেকে ১২ ফুট প্রশস্ত।

দুর্গের চারটি বেষ্টনীর বহির্ভাগ পরিখা (খাল বা নালা) দ্বারা পরিবেষ্টিত। পরিখাগুলো ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত গভীর।

সবকিছু মিলে এটি স্বয়ংসম্পূর্ণ ও স্বাধীন নগরী ছিল বলে দাবি করেছেন এই গবেষক। তবে এই রাজ‌্যে পত্তনকারী কারা ছিলেন, সে বিষয়ে সুস্পষ্ট তথ‌্য এখনও মেলেনি।