২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরনগরের হামলাকারীদের গ্রেপ্তার দাবি সাংস্কৃতিক জোটের

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 08:47 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিাদ্যালয়ের টিএসসিতে এ বিক্ষোভ সমাবেশ হয়।

জোটের ব্যানারে ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এই সমাবেশের  আয়োজন করে।

সমাবেশে নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফসহ অন্যরা বক্তব্য দেন।

রামেন্দু মজুমদার বলেন, “আমরা বিস্মিত হই, কারণ দুই ঘণ্টা ধরে হামলা চললেও কেউ এগিয়ে আসেনি তাদের সাহায্য করতে। সরকার বলছে যে তাদের বাড়ি বানিয়ে দেওয়া হবে। কিন্তু মন যে ভেঙে গেছে তা আর কখনও জোড়া লাগবে না। ইতোমধ্যে কয়েকটি পরিবার দেশ ত্যাগও করেছে।”

ধর্মান্ধ ব্যক্তিদের কাছে বর্তমানে সবাই নতজানু হয়ে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “এরকম হলে এদেশে অন্য ধর্মের মানুষ বাস করতে পারবে না। আসুন যে ধর্মের মানুষই হোক বিপদে আমরা তাদের পাশে দাঁড়াই।”

নাসির উদ্দিন ইউসুফ বলেন, “প্রতি ধর্মের মানুষের সমাধিকার বিশ্বাস করি। আমরা  এমন একটি রাষ্ট্র চেয়েছিলাম যেখানে সকল ধর্মের, সকলে দলের নারী পুরুষের সমাধিকার থাকবে।

“কিন্তু এই ঘটনার পর এখন পর্যন্ত পদক্ষেপ নিতে পারেনি সরকার। এখন যদি এ ধরনের হামলার ঘটনা দেখতে হয় তাহলে আমরা বলতে পারি পুরো রাষ্ট্র প্রক্রিয়াকে ঢেলে সাজাতে হবে।”

নাসিরনগরের মতো এ ধরনের হামলার ঘটনা পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

তিনি বলেন, “আমরা লজ্জিত; ক্ষুব্ধ। যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম সেটি পূরণ হয়নি। দেশে আজ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চলছে। আমরা সংস্কৃতিকর্মীরা বিচারের দাবি জানিয়েছি। কিন্তু বিচার হয়নি। এজন্য আমরা লজ্জিত।

“ব্যক্তির অপরাধ কখনও সম্প্রদায়ের অপরাধ হতে পারে না। আমরা ধরে নিতে পারি এই ধরনের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছুই না।”

তিনি বলেন, ‍“ঘটনার দিন সেখানে একটি সমাবেশ হয়েছিল। কিন্তু ইউএনও সেখানে কিভাবে একটি সমাবেশের অনুমতি দিয়েছে। কারণ এর আগে সেখানে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়েছিল।

‍“অনুমতি দেওয়া সেই ইউএনও কিভাবে এখনও স্বপদে বহাল থাকে তা বোধগম্য নয়। এই ধরনের ব্যক্তিদের প্রশাসন থেকে সরিয়ে না দিলে এ ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি হবে।”

এই ঘটনার প্রতিবাদে আগামী শুক্রবার দেশব্যাপী জেলা শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ এবং কেন্দ্রীয়ভাবে জোটের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করার ঘোষণা দেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

ফেইসবুকে ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নাসিরনগরে ১৫টি মন্দিরসহ হিন্দুদের শতাধিক বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ তুলে ঘটনার দিন রাতে নাসিরনগর থানার ওসি আবদুল কাদের ও ইউএনও চৌধুরী মোয়াজ্জেম আহম্মেদের অপসারণ দাবি করে জেলা আওয়ামী লীগ। এরপর বুধবার দুপুরে ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়।

পুরনো খবর:

মন্দিরে হামলা: নাসিরনগরের ওসি প্রত্যাহার