মরক্কোয় জলবায়ু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী
না যাওয়ার কথা উঠলেও বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২২) যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মরক্কোর মারাকেশ শহরে আগামী ৭ নভেম্বর থেকে এই সম্মেলন শুরু হবে।
বুধবার সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রথম বলা হয়েছিল প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় তিনি সম্মেলনে যাবেন না। পরিবেশের গুরুত্ব উপলব্ধি করে পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি (প্রধানমন্ত্রী) এ সম্মেলনে যাচ্ছেন।”
কপ-২২ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কবে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে কিছু জানাননি মন্ত্রী।
তিনি বলেন, এবারের সম্মেলনের প্রধান লক্ষ্য হবে প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের কর্মকৌশল নির্ধারণ করা।
পরিবেশ ও বন সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, গত বছর প্যারিসে অনুষ্ঠিত ২১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে গৃহীত প্যারিস চুক্তি বাংলাদেশ গত ২২ এপ্রিল স্বাক্ষর ও ২১ সেপ্টেম্বর অনুসমর্থন করেছে।
সচিব জানান, গত ২৪ অক্টোবর পর্যন্ত ১৯১টি দেশ প্যারিস চুক্তিটি স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নসহ ৮৪টি সদস্য দেশ চুক্তিটি অনুস্বাক্ষর করেছে।
“প্যারিস চুক্তিটি কার্যকর হওয়ার জন্য ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ করে এমন ৫৫টি দেশের অনুসমর্থনের শর্ত রয়েছে। এ শর্ত পূরণ হওয়ায় আগামী ৪ নভেম্বর থেকে চুক্তিটি কার্যকর হবে।”
প্যারিস চুক্তিতে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রশমন ও অভিযোজনের জন্য সহায়তার কথা উল্লেখ করে কামাল বলেন, “আমরা এ বিষয়ে আন্তর্জাতিক ফোরামে সরব রয়েছি। আমাদের দায়িত্ব হল কীভাবে (ক্ষতিগ্রস্ত হিসেবে) আদায় করে নিয়ে আসা যায়, আমরা অনেকগুলো প্রকল্প সাবমিট করেছি।”
“(জলবায়ু তহবিলের টাকা পেতে) গ্রীন ক্লাইমেট ফান্ডে আমাদের বড় বড় প্রকল্প সাবমিট করতে হবে। … কিছু প্রক্রিয়ার মাধ্যমে এটা করতে হয়, সেজন্য একটু সময় লাগছে।”
বাংলাদেশের অদক্ষতার জন্যই কি জলবায়ু তহবিলের অর্থ এনে তা খরচ করা যাচ্ছে না- এমন প্রশ্নে কামাল উদ্দিন বলেন, “আমাদের অদক্ষতার কারণে না। তৃতীয় বিশ্বের দেশগুলোতে অর্থ ব্যবহারের নিয়মনীতি সেভাবে নেই বলে বলতে পারছি না আমাদের টাকা দাও। চাইলে বলে তোমার অ্যাকাউন্টিং সিসটেম কী, তুমি কিভাবে কী করবা?
“আমরা তাদের কাছ থেকে টেকনোলজি ট্রান্সফার করছি, শক্তি বৃদ্ধির চেষ্টা করছি। আমাদের তিনটি প্রতিষ্ঠান হয়ত সহসা স্বীকৃতি পাবে। তখন আমাদের প্রকল্প উপস্থাপনের সংখ্যা আরও অনেক বেড়ে যাবে।”
এবার বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে কত সদস্যের প্রতিনিধি দল যাচ্ছে তার উত্তর না দিয়ে মন্ত্রী বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে কম।
পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
