২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুচির দুর্ভিক্ষ রুখব, দাঁড়াব নারী-শিশুর পাশে’

নারী ও শিশুর প্রতি সহিংসতা, নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতিকে ‘রুচির দুর্ভিক্ষ’ অভিহিত করে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 05:43 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় বাংলাদেশ চারুশিল্পী সংসদের ব্যানারে এক প্রতিবাদী মানববন্ধনে সংহতি জানাতে এসে শিল্পীরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু মন্দির, বাড়িঘরে হামলা, ভাংচুর এবং লুটপাটের তীব্র নিন্দা জানান।

সমাবেশে বাংলাদেশ চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, “সমাজে এখন রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই দুর্ভিক্ষ রোধ করে শিল্পীরাই মানুষকে রুচিশীল করে তুলবে।”

নারীর প্রতি সহিংসতাকে কতিপয় ‘অমানুষের সুদুরপ্রসারী পরিকল্পনা’ হিসেবে দেখছেন চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন।

তিনি বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও অগ্রাধিকার ইস্যুতে আমরা যখন এগিয়ে যাচ্ছি, সে মুহূর্তেই এসব ঘটনা ঘটছে। দেশে আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নেই।

“তনু, মিতু হত্যায় পুলিশ বিচারকাজ নিয়ে রসিকতা করছে। মাসের পর মাস তনুর বাবা-মা বিচার চেয়ে যাচ্ছেন। আর সেই সুযোগে নরপিশাচরা মাথাচাড়া দিয়ে উঠছে।”

সমাজের বিভিন্ন স্তরে নারীদের নেতৃত্বে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠনের আহ্বান জানান তিনি।

ধর্ষণ পরীক্ষা পদ্ধতিরও সমালোচনা করেন তিনি। তার মতে, এতে বিচার চাওয়ার হারও ‘কমে’ যায়।

নাসিরনগরের ঘটনায় পুলিশ ও জেলা প্রশাসনের ভূমিকার নিন্দা জানিয়ে চারুকলার এই অধ্যাপক বলেন, “এই অবস্থায় আমার মনে পড়ছে, পঁচাত্তরের কথা, যখন বঙ্গবন্ধুর চারপাশে খন্দকার মোশতাকের মতো মানুষেরা ঘুরত। মনে হচ্ছে, সেই পরিস্থিতি আবারও তৈরি হয়েছে। প্রশাসনের প্রতিটি স্তরে ধর্মান্ধ, মৌলবাদী বা একাত্তরের সেই পরাজিত শক্তিটি ঢুকে পড়েছে।”

বাংলাদেশ চারুশিল্পী সংসদের যুগ্ম সম্পাদক কামাল পাশার সঞ্চালনায় প্রতিবাদী সমাবেশে আরও বক্তব্য রাখেন শিল্পী শিশির ভট্টাচার্য্য, অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত, ফরিদা জামান, মোস্তাফিজুল হক, কনকচাঁপা চাকমা।

সমাবেশের শুরুতে কামাল পাশা বলেন, “সমাজে এখন এক অদ্ভুত অস্থিরতা বিরাজ করছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, প্রকাশ্যেই পাঁচ বছরের একটি শিশু নির্যাতনের শিকার হল। সমাজের একটি শ্রেণির মধ্যে পাশবিক মনোবৃত্তি তৈরি হচ্ছে।”

সাম্প্রতিককালে নারী ও শিশু নিপীড়ন-নির্যাতনের ঘটনাচিত্রকে একাত্তরের পাক হানাদার বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেন তিনি।

বিপাশা হায়াত বলেন, “আমি একজন মা হিসেবে বলছি, শিশুকে নিরাপত্তা দেওয়া হচ্ছে আমাদের প্রথম কাজ। যে শিশুরা দেশের ভবিষ্যৎ, সেই শিশুদের ভবিষ্যৎ তো অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া হচ্ছে, তাদের চিন্তা-চেতনা বা ক্রিয়েটিভিটির জায়গা থাকছে কোথায়?”

মিতু, তনুর মতো চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিশির ভট্টাচার্য্য। তিনি মনে করেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সামাজিক অবক্ষয় উত্তরোত্তর বাড়ছে।

“এই যে বিচারের দীর্ঘসূত্রতা, আমার কাছে এ কেবলই টু পাইস কামানোর ধান্দা। এসব আমরা মানি না, এগুলো বন্ধ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সেসব মামলার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে।”