সাংবাদিক জগলুল চৌধুরীর স্ত্রী মারা গেছেন
প্রয়াত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর সহধর্মিনী তাজিন চৌধুরী মারা গেছেন।
কিডনী জটিলতা নিয়ে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান।
তিনি বলেন, “সকালে বারডেমে ভাবী মারা গেছেন। আজকে বাদ আসর বিকাল ৫টায় ইস্কাটন গার্ডেন মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।”
তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী হাবীবুল্লাহ বাহার চৌধুরীর মেয়ে তাজিন চৌধুরী ছিলেন রবীন্দ্র সঙ্গীতশিল্পী।
মরহুমার স্বামী জগলুল আহমেদ চৌধুরী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএসএস এর ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। ২০১৪ সালে ২৯ নভেম্বর সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি মারা যান।
এই দম্পতির অন্তরা চৌধুরী নামের মেয়ে ও নাবিদ চৌধুরী নামের এক ছেলে রয়েছে।
