বাবাকে শেষবার দেখতে প্যারোল চাইবেন হাসনাত করিম
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম তার বাবার মরদেহ দেখার জন্য প্যারোলে মুক্তির আবেদন করবেন বলে জানিয়েছে পরিবার।
হাসনাত করিমের বাবা রেজাউল করিম সোমবার বিকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
৭৬ বছর বয়সী এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন আগে তাকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয় বলে হাসনাত করিমের স্ত্রী শারমিন করিম জানান।
মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্যারোলে মুক্তির জন্য আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে। তবে দাফন কোথায় হবে সে বিষয়ে পারিবারিকভাবে এখনো সিদ্ধান্ত হয়নি।”
হাসনাত করিম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছে। সর্বশেষ রোববার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তার জামিন আবেদন নাকচ হয়।
আদালতে হাসনাত রেজাউল করিম।
এ ঘটনায় উদ্ধারদের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সবাইকে ছেড়ে দেওয়ার কথা বললেও সে সময় হাসনাত ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান বাসায় ফেরেননি বলে তাদের পরিবার জানায়।
এরপর গত ৩ অগাস্ট এই দুজনকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। পরে হাসনাতকে গুলশান হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হলেও তাহমিদকে বাদ দেওয়া হয়।
ব্রিটিশ পাসপোর্টধারী হাসনাত করিম মেয়ের জন্মদিন উদযাপনের জন্য সেদিন সপরিবারে হলি আর্টিজানে গিয়েছিলেন বলে স্বজনদের দাবি।
জঙ্গি রোহান ইমতিয়াজের সঙ্গে হাসনাত করিম ও অস্ত্র হাতে তাহমিদ (কালো টি-শার্ট পরা); কমান্ডো অভিযানের আগের এই ছবি সোশাল মিডিয়ায় আলোড়ন তোলে
তাহমিদ ইতোমধ্যে জামিনে মুক্তি পেলেও হাসনাতকে জামিন দেওয়া হয়নি। যদিও পুলিশ বলছে, গুলশান হামলায় হাসনাতের জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ এখনও তারা পায়নি।
নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ২০১২ সালে হাসনাত করিমকে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল বলে গণমাধ্যমের খবর। গুলশান হামলায় অংশ নিয়ে কমান্ডো অভিযানে নিহত নিবরাজ ইসলামও নর্থ-সাউথে পড়াশোনা করেছেন।
বনানী চেয়াম্যানবাড়িতে হাসনাতের বাবা প্রকৌশলী রেজাউল করিমের একটি কন্সট্রাকশনস ফার্ম রয়েছে। তার তিন ছেলেমেয়ের মধ্যে কেবল হাসনাতই ঢাকায় থাকতেন, দুই মেয়ে থাকেন বিদেশে।
রেজাউল করিমের মরদেহ অ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে হাসনাত করিমের স্ত্রী শারমিন জানান।
