বাল্য বিয়ে রোধে হল কিশোরী-কিশোর সম্মেলন
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও বাল্য বিয়ে প্রতিরোধে ব্র্যাকের আয়োজনে দুই দিনের কিশোরী-কিশোর সম্মেলন শেষ হয়েছে।
শনিবার সাভারের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে (সিডিএম) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ১০০ কিশোরী-কিশোর অংশগ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সম্মেলনে বক্তারা দুর্যোগ ঝুঁকি মোকাবেলা ও বাল্যবিয়ে প্রতিরোধে জেলা অনুযায়ী কর্মপরিকল্পনা করার ওপর গুরুত্ব দেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরী ও কিশোরদের সচেতনতা বাড়াতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে ব্র্যাকের কিশোরী-কিশোর সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকার ও ইউনিসেফ-এর সহযোগিতায় ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন (ডিএমসিসি) ও কিশোরী-কিশোর উন্নয়ন কর্মসূচি (এডিপি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
সমাপনী দিনে অনুপ্রেরণামূলক আলোচনায় কিশোরী-কিশোররা গল্প বলে শোনান।
এছাড়া পরিবেশ সচেতনতা আনতে কিশোরী-কিশোররা নিজ নিজ এলাকা থেকে আনা শস্য, সবজি, ফলদ ও ঔষধি গাছের বীজ বিনিময় করেন।
সাভার সিডিএম চত্বরে ফলদ, সৌন্দর্যবর্ধক, ঔষধিসহ বিভিন্ন গাছ সম্পর্কে পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা ছবি আঁকার উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম দিন, শুক্রবার বক্তব্য রাখেন ব্র্যাকের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক গওহার নঈম ওয়ারা, শিক্ষা কর্মসূচির পরিচালক ড. শফিকুল ইসলাম, নারীপক্ষ-এর সাবেক সভাপতি অ্যাডভোকেট হাবিবুন্নেসা, ইউনিসেফ প্রতিনিধি জামিল হাসান, ইউএনডিপি প্রতিনিধি পালকি আহমেদ, জেন্ডার স্পেশালিস্ট শীপা হাফিজা, ব্র্যাক ডেইরির পরিচালক-আনিসুর রহমান প্রমুখ।
গত ৫ থেকে ৬ অক্টোবর কুমিল্লায় প্রথম বিভাগীয় কিশোরী-কিশোর সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৭ থেকে ১৮ অক্টোবর বরিশালে এবং ২৩ থেকে ২৪ অক্টোবর বগুড়ায় অনুষ্ঠিত হয়। এসব বিভাগীয় অনুষ্ঠানে সারা দেশ থেকে মোট ৪০০ কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন।
