২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

রাজধানীর বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন মিনাকে জিজ্ঞাসাবাদের জন‌্য একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2016, 09:05 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

শনিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক একরামুল হাসান।

ঢাকা মহানগর হাকিম গোলাম নবী শুনানি শেষে মিনার (২৪) একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান।

উত্তর বাড্ডার একটি বিউটি পার্লারের কর্মী ওই তরুণী শুক্রবার বিকালে ধর্ষণের অভিযোগে বাড্ডা থানায় মামলা দায়ের করেন। পরে রাতে মিনাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত মঙ্গলবার বিকালে বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাসার সামনে থেকে প্রায় ১৮ বছর বয়সী ওই তরুণীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ওই তরুণীর বরাত দিয়ে বাড্ডা থানার এসআই ফারুক আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন বিকালে বাড্ডার পুরাতন থানা রোডের ৬ নম্বর লেনের একটি বাড়িতে ওই তরুণী রিপন নামে তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন।

রিপনসহ পাঁচ ছয়জন গারো ব্যাচেলার ওই বাসায় থাকেন জানিয়ে তিনি বলেন, রিপনের সঙ্গে দেখা করে ওই তরুণী আগে বের হন, রিপন বের হন একটু পরে।

“ওই বাসার সামনেই রুবেল নামে একজন দাঁড়ানো ছিল। তরুণী বের হওয়ার সাথে সাথে রুবেল তাকে ভয় দেখিয়ে পাশে একটি বস্তি ঘরে নিয়ে যায়। সেই ঘরে থাকা বস্তিবাসীদের বের করে দিয়ে রুবেল তাকে নিয়ে ঢুকে ধর্ষণ করে।”

ওই তরুণীকে নিয়ে যাওয়ার সময় রিপন বাধা দিলে রুবেল তাকেও ভয় দেখায় বলে জানান পুলিশ সদস্য ফারুক।