২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুইশ বছরের পুরনো কারাগার দেখার সুযোগ

পুরান ঢাকার নাজিমউদ্দীন রোডে পরিত‌্যক্ত প্রায় ২০০ বছরের প্রাচীন কারাগার সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2016, 02:48 PM

Updated : 12 Apr 2022, 03:10 AM

জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ থেকে ৫ নভেম্বর কারাগারটিতে ঢোকার সুযোগ পাবে জনসাধারণ।

অনেক ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই কারাগারের যে কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, তার ব্যবহৃত থালা, বিছানা, চেয়ার দেখার সুযোগ ছাড়াও দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আলোকচিত্র প্রদর্শনীও হবে বলে কর্তৃপক্ষ জানান।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর জাতীয় চার নেতা- প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে বন্দি করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।

১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে এই কারাগারের ভেতরেই হত্যা করা হয় চার নেতাকে। প্রতি বছর এই দিনকে ‘জেলহত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলহত্যা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সাধারণ মানুষ দুটি কারা স্মৃতি জাদুঘর দেখার সুযোগ পাবে।

“দর্শনার্থীদের জন‌্য ১০০টাকার টিকেটের ব্যবস্থা করা হয়েছে। টিকেট বিক্রির টাকায় মহিলা কারাগারে ডে কেয়ার সেন্টারের উন্নয়ন করা হবে।”

তিনি জানান, ১ নভেম্বর বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও দুজন মন্ত্রীকে নিয়ে আলোকচিত্র ও ভিডিওচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন।

বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতার রাজনৈতিক স্মৃতিবিজড়িত ১০০টি ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী করা হবে।

তবে দর্শনার্থীরা ২ নভেম্বর থেকে টিকেট কেটে কারাগারে ঢোকার সুযোগ পাবেন। ৩ নভেম্বর জেলহত্যা দিবসের আনুষ্ঠানিকতাও উপভোগ করতে পারবেন তারা।

এ বিষয়ে জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন করা হবে বলে আবদুল্লাহ আল মামুন জানান।

গত জুলাইয়ের শেষ ভাগে কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুরে স্থানান্তরিত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার। এরপর থেকে ফাঁকাই রয়েছে এটি।

নাজিমউদ্দিন রোডের পরিত‌্যাক্ত কারাগারের জায়গায় হল নির্মাণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করলেও এটিকে বিনোদনকেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে কারা কর্তৃপক্ষের।

এই কারাগারের ১৮ একর জমিতে করা হবে পার্ক, জাদুঘর, কনভেনশন সেন্টার, উন্মুক্ত নাট্যমঞ্চ ছাড়াও বিনোদনের নানা ব্যবস্থা। ঐতিহাসিক মূল্য আছে এমন ভবন সংরক্ষণের কথাও ভাবছে কারা কর্তৃপক্ষ।

এছাড়া কনভেনশন সেন্টার, ডিপার্টমেন্টাল স্টোর এবং উন্মুক্ত নাট্যমঞ্চের পাশাপাশি শিশুদের খেলাধুলা, হাঁটাচলার জন্য খোলামেলা জায়গা রাখার চিন্তাভাবনাও রয়েছে।

পুরনো খবর:

ঢাকা কেন্দ্রীয় কারাগার ফাঁকা, সব গেল রাজেন্দ্রপুর