২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের নিরাপদ ইন্টারনেট: সচেতনতায় কাজ করবে ইউনিসেফ-আইসিটি বিভাগ

শিক্ষার্থী ও শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সঙ্গে কাজ করবে ইউনিসেফ বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 06:49 PM

Updated : 20 Aug 2022, 01:59 PM

এ বিষয়ে সহযোগিতা বাড়াতে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইসিটি বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং ইউনিসেফ বাংলাদেশ এর পক্ষে এডওয়ার্ড বিগবেদার এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতি ছিলেন।

আইসিটি বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেট ও অনলাইন যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত শিশু ও তরুণ ছাত্রছাত্রীদের প্রবেশ প্রতিনিয়ত বাড়ছে।

বিশেষ করে বাংলাদেশে ১৫-১৮ বয়সের কিশোর-কিশোরীদের মধ্যে ইন্টারনেট ব্যবহার প্রতি বছরে ৩.৩% হারে বাড়ছে। ফলে অনলাইনে প্রদর্শিত বিভিন্ন আপত্তিকর ও যৌন বিষয় তাদের গোচরীভূত হওয়ায় ঝুঁকি বাড়ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আগামী দিনগুলোতে দেশের শিশু ও কিশোর প্রজন্মকে মানসিক ও শারীরিকভাবে ইন্টারনেট এর বিভিন্ন ক্ষতিকারক প্রভাব হতে সুরক্ষাকল্পে সচেতনতা সৃষ্টি, গাইডলাইন তৈরি, আইসিটি সংক্রান্ত পলিসি ড্রাফটিং এবং ইন্টারনেট ব্রাউজিং নির্দেশিকা প্রণয়ন ও প্রতিপালনে সহায়তা দেবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে সরকারের পক্ষে মূল বাস্তবায়নকারী সংস্থা হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিকও উপস্থিত ছিলেন।