জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠার পর একাদশ বছর পূর্ণ করে যুগপূর্তির পথে এগিয়ে গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ১৫৮ বছর আগে ঢাকা ব্রাহ্ম স্কুল নামে যার যাত্রা শুরু হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা তুলে, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
পরে একটি শোভাযাত্রা ক্যাম্পাস থেকে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড় হয়ে আবার ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
দুপুরে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা শান্তিরঞ্জন দে রচিত ‘গঙ্গা থেকে বুড়িগঙ্গা’ যাত্রাপালা মঞ্চস্থ করবেন। বিকালে বিজ্ঞান ভবন মাঠে হবে কনসার্ট।
ব্রাহ্ম ধমের্র মূল মতবাদ সম্পর্কে সাধারণ ছাত্রদের জানানোর জন্য আরমানিটোলায় ব্রাহ্ম সমাজের নিজস্ব প্রাঙ্গণে ১৮৫৮ সালে চালু হয় অবৈতনিক ঢাকা ব্রাহ্ম স্কুল।
আর্থিক সঙ্কটের কারণে ১৮৭২ সালে মালিকানা পরিবর্তন করে স্কুলটির ভার তুলে দেওয়া হয় বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর হাতে। জমিদারের বাবার নামে এর নতুন নাম হয় ‘জগন্নাথ স্কুল’।
এরপর ১৮৮৪ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হয়।
১৮৮৭ সালে ‘কিশোরীলাল জুবিলি স্কুল’ নামে স্কুল শাখাকে জগন্নাথ কলেজ থেকে আলাদা করা হয়, যা এখন কে এল জুবিলি স্কুল নামে পরিচিত।
১৯২০ সালে ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে ‘জগন্নাথ কলেজ আইন’ পাস হয়।
ব্রিটিশবিরোধী আন্দোলনে এ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ছিলেন সামনের কাতারে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এ কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রফিক উদ্দিন শহীদ হন।
এরপর ছয় দফার আন্দোলন, বাষট্টির শিক্ষানীতি বাতিল আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে জগন্নাথের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের ছিল অনন্য সাধারণ ভূমিকা।
পাকিস্তানবিরোধী আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত জগন্নাথের ছাত্র আন্দোলন দুর্বল করতে তৎকালীন আইয়ুব সরকার কলেজের একাংশকে মহাখালীতে সরিয়ে প্রতিষ্ঠা করেন জিন্নাহ কলেজ, বর্তমানে এটি তিতুমীর কলেজ নামে পরিচিত।
১৯৬৮ সালে কলেজটিকে সরকারি করা হয়। পরে ঊনসত্তরের গণঅভুত্থানের সময় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের বিরোধিতার মুখে কলেজটি আগের অবস্থা ফিরে যায়।
মুক্তিযুদ্ধের সময় এ কলেজকে ‘ক্যাম্প’ হিসেবে ব্যবহার করে পাকবাহিনী। স্বাধীনতার পরে কলেজের ছাত্র সংসদ ভবনের কাছে পাওয়া যায় গণকবরের সন্ধান।
১৯৭২ সালে কলেজটিকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে উন্নীত করা হয়; ২০০৫ সালের ২০ অক্টোবর জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়। একদশক পর পার্শ্ববর্তী পোগোজ স্কুল বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হয়।
ঢাকার অন্যতম পুরনো এই বিদ্যাপীঠ ২০০৫ সালের ২০ অক্টোবর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ঊন্নীত হয়।
