২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই কলেজছাত্রীকে উত্ত্যক্তের পর মারধর, এক বখাটে আটক

রাজধানীর মিরপুরের বিসিআইসি কলেজের দুই ছাত্রীকে উত্ত্যক্তের পর মারধরের জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2016, 12:16 AM

Updated : 20 Aug 2022, 02:00 PM

গ্রেপ্তারকৃত লুৎফর রহমান বাবু (২০) এই ঘটনায় করা মামলার প্রধান আসামি জীবন করিম বাবুর বন্ধু ও সহযোগী বলে শাহ আলী থানার এসআই অনুজ কুমার সরকার জানিয়েছেন।

বুধবার এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সন্ধ্যার পর পরই মিরপুর চিড়িয়াখানা থেকে লুৎফরকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিসিআইসি কলেজের সামনে ফুটপাতের উপর বিরিয়ানির দোকান রয়েছে জীবন করিম বাবুর। তারা কয়েকজন মিলে ওই ছাত্রীদের উত্ত্যক্ত করেছিল বলে লুৎফর পুলিশের কাছে স্বীকার করেছে।”

ওই ঘটনায় জড়িত আরও দুজনের নাম জানতে পারলেও তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করতে চাননি এই পুলিশ কর্মকর্তা।

অনুজ বলেন, ওই দুই ছাত্রীর বাবা মো.আহসান হাবিব মামলার এজাহারের জীবন করিম বাবুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন মারধরে জড়িত ছিল বলে অভিযোগ করেছেন।

আহত দুই ছাত্রীর বাবা আহসান হাবিব রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই বখাটেরা আমার মেয়েদের লাঠি দিয়ে মেরেছে। বড় মেয়েটির সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, ব্যথায় ছটফট করছে। ছোট মেয়েটির বাম পা ফ্র্যাকচার হয়েছে। ঘুমের ওষুধ খেয়ে সে ঘুমাচ্ছে।”

বুধবার দুপুরে বিসিআইসি কলেজের অধ্যাপক ইমাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার শিকার দুই ছাত্রী জমজ দুই বোন। তারা কলেজের মানবিক প্রথম বর্ষের ছাত্রী। পূর্ব মনিপুর এলাকায় তারা থাকেন। তাদের বাবা সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

“বুধবার বেলা ১১টায় কলেজ ছুটির পর তারা বাসায় ফেরার জন্য রাস্তায় বাসের অপেক্ষায় ছিলেন। ওই সময় জীবন ও বাবু নামের দুই যুবক তাদেরকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলে। ছাত্রীরা প্রতিবাদ করলে তারা মারধরের শিকার হন।”

খবর পেয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তা অনুজ বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। তারা যেখানেই থাকুক ধরে আইনের আওতায় আনা হবে।

মারধরের ঘটনায় আর কারা কারা জড়িত ছিল তা জানতে লুৎফরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও তিনি জানান।

পুরনো খবর:

মিরপুরে বখাটের হামলায় দুই ছাত্রী আহত, সড়ক অবরোধ