২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নিতে গিয়ে ‘হাতেনাতে’ ধরা ভূমি কর্মকর্তা

নরসিংদীর শিবপুর উপজেলায় ঘুষ নেওয়ার সময় এক ভূমি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 10:39 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

মো. নুরুজ্জামান নামে গ্রেপ্তার ওই ব্যক্তি উপজেলার সাধারচর ইউনিয়ন ভূমি কার্যালয়ে উপসহকারী কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে দুদকের একটি দল বুধবার নরসিংদী ভূমি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কমিশন।

বিবৃতিতে বলা হয়, চলতি বছর ১৩ এপ্রিল কামাল হোসেন নামের এক ব্যক্তি জমির খতিয়ান সংশোধনের আবেদন করলে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক এ বিষয়ে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট ভূমি অফিসকে নির্দেশ দেন। নুরুজ্জামান ওই প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্বপ্রাপ্ত হন।

“দায়িত্ব পাওয়ার পরই নুরুজ্জামান ‘খরচ বাবদ’ কামাল হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা আদায় করেন। এর পরে তিনি আরও ২০ হাজার টাকা দাবি করেন এবং ১২ হাজার টাকা না দেওয়া হলে তিনি কোনোভাবেই প্রতিবেদন দাখিল করবেন না বলে কামাল হোসেনকে জানিয়ে দেন।”

পরে দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণবকুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রণব বলেন, “কামাল হোসেন দুদককে বিষয়টি জানানোর পর কমিশন থেকে তাকে বলা হয় তিনি যেন টাকা নিয়ে ভূমি অফিসে ওই কর্মকর্তার সঙ্গে দেখা করেন; সে সময় দুদক দলের সদস্যরা ওই অফিসের আশে পাশে থাকবে।

“সেই অনুযায়ী ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

এ বিষয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ২ এর সহকারী পরিচালক ফজলুল বারি শিবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে প্রণব জানান।