ভূমি মালিকের ‘সই জাল’ করে ফ্ল্যাট বণ্টননামা
ঢাকার উত্তরায় ভূমি মালিকের সই জাল করে ‘ফ্ল্যাট বন্টননামা’ ছাপানোর অভিযোগ পাওয়া গেছে।
বিলুপ্ত নির্মাতা প্রতিষ্ঠান বাস্তব ডিজাইন লিমিটেডের সাবেক কর্মকর্তারা রাজউকের ‘অসাধু’ কর্মকর্তাদের সহযোগিতায় এক ক্রেতাকে বণ্টননামা পাইয়ে দেন বলে অভিযোগ করেছেন ভূমি মালিক সাবেক সেনা কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ।
এ ব্যাপারে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগও দায়ের করেছেন।
এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর বণ্টননামা স্থগিত করা হয়েছে বলে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন।
পাশাপাশি উত্তরা ১০ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৩২ নম্বর ভবনটির ফ্ল্যাট বেচাকেনাও স্থগিত করেছে কর্তৃপক্ষ।
ভূমি মালিক নিয়াজ মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস্তব ডিজাইন জনৈক ডা. দেলোয়ার হোসেন চৌধুরীর কাছে তাদের অংশের চারটি ফ্ল্যাট বিক্রি করেছিল। তার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে ছেলে রেজাউল হোসেন চৌধুরী, মেয়ে মহুয়া চৌধুরী এবং স্ত্রী ডা. হাছিনা চৌধুরী এসব ফ্ল্যাটের মালিক হওয়ার কথা।
“কিন্তু একটি অসাধু চক্রের সহযোগিতায় হাছিনা নিজের একার নামে সব ফ্ল্যাট নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ভবিষ্যতে উত্তরাধিকারদের মধ্যে এনিয়ে দ্বন্দ্ব হলে ভোগান্তির শিকার হওয়ার আশঙ্কায় বিষয়টি নিয়ে রাজউক ও সিএমএম কোর্টে অভিযোগ দায়ের করেছি।”
তিনি বলেন, “আইনজীবীরা জানিয়েছেন আমার উপস্থিতি ছাড়া এধরনের গুরুত্বপূর্ণ নথি রাজউক থেকে ছাড় পাওয়ার কথা নয়। অথচ আমার সই জাল করে সেই নথি বের করা হয়েছে।”
হাছিনার সম্পত্তি দেখভালের দায়িত্বে আছেন আলমগীর নামের এক ব্যক্তি। তার সহযোগিতায় জালিয়াতির কাজটি করা হয়েছে বলে তার অভিযোগ।
এ বিষয়ে জানতে আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাছিনা চৌধুরীর সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবেন বলেন। কিন্তু পরে তাকে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
ভূমি মালিক নিয়াজ গত ২৭ জুন সিএমএম কোর্টে ‘জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাট বণ্টননামা প্রকাশের’ অভিযোগ দায়ের করেন, যাতে বাস্তব ডিজাইনের কর্মকর্তা ও হাছিনা পক্ষকে আসামি করা হয়।
বিচারক অভিযোগ আমলে নিয়ে গত ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দিতে উত্তরা (পশ্চিম) থানাকে নির্দেশ দিলেও পুলিশ এখনও তা দেয়নি।
আগামী ২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন রয়েছে বলে আইনজীবীর বরাত দিয়ে নিয়াজ জানিয়েছেন।
বাস্তব গ্রুপের তৎকালীন মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম জানিয়েছেন, ভূমি মালিকের পাওয়ার অব অ্যাটর্নির বলে তারা ‘সেল পারমিশন’ ও ফ্ল্যাট বণ্টনচুক্তি প্রকাশ করতে রাজউকে হাজিরা দিয়েছিলেন। হাছিনাকে মালিকানা দিতে প্রয়াত দেলোয়ারের উত্তরাধিকারদের অনাপত্তিপত্র পেয়েই তারা এই উদ্যোগ নিয়েছেন।
বিষয়টি নিয়ে রাজউকের এস্টেট ও ভূমি-২ শাখার সহ-পরিচালক বাবুল মিয়া বলেন, “ভূমি মালিকের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে ওই ভবনের ফ্ল্যাট কেনাবেচা স্থগিতের একটি নোটিস মূল ফাইলে সংযুক্ত করেছি।”
‘সেল পার্মিশন’ ও ফ্ল্যাট বণ্টননামা প্রকাশিত হওয়ার বিষয়ে রাজউকের এই কর্মকর্তা বলেন, ভূমি মালিকের পাওয়ার অব অ্যাটর্নি থাকলে নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তার উপস্থিতিতে ক্রেতাপক্ষকে এধরনের নথি দেওয়ার নিয়ম আছে।
“নিয়ম মেনেই কাজটি করা হয়েছে বলে মনে হচ্ছে,” বলেন বাবুল মিয়া।
