২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ টাকার চালে অনিয়ম: ৪৪ ডিলারশিপ বাতিল, মামলা

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কেজিপ্রতি ১০ টাকা দামের চাল বিতরণে অনিয়মের অভিযোগে ৪৪ জনের ডিলারশিপ বাতিল করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 12:45 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

পুরনো খবর:

দশ টাকার চাল বাজারে বিক্রি, আটক ২
১০ টাকা কেজির চালে অনিয়ম হলে ব‌্যবস্থা: প্রধানমন্ত্রী
দশ টাকার চাল: অনিয়মের অভিযোগে খাদ্য অফিসে তালা
১০ টাকায় চাল বিতরণ শুরু

পাশাপাশি অনিয়মের অভিযোগে করা ১১টি মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এই কর্মসূচি চালুর পর থেকে বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, করছি, আরও করব।

“দুর্নীতিবাজ ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবই সে যে দলেরই হোক না কেন। অনিয়মে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

যে কোনো মূল্যে এই কর্মসূচির দলীয়করণ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়ে কামরুল বলেন, “হতদরিদ্র হতদরিদ্রই, তাকে সাহায্য করার জন্যই এই কর্মসূচি।”

অনিয়মের সচিত্র সংবাদ গণমাধ্যমে প্রকাশ করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৭ সেপ্টেম্বর কুড়িগ্রামে ‘খাদ্যবান্ধব’ কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজিতে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

হতদরিদ্র ৫০ লাখ পরিবার মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর- এই পাঁচ মাস ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। নারী, বিধবা ও প্রতিবন্ধী নারী প্রধান পরিবারকেই প্রাধান্য দেওয়া হবে এ কর্মসূচিতে।

১০ টাকা কেজি দরের এই চাল কালোবাজারি থেকে শুরু করে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। এই চাল বিতরণে কেউ অনিয়ম করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে গত ৫ অক্টোবর জাতীয় সংসদে জানান প্রধানমন্ত্রী।

এই চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠার পর ভোক্তা তালিকা প্রণয়ন, ডিলার নিয়োগ ও চাল বিতরণে অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যাচাইয়ে গত ৯ অক্টোবর আট বিভাগের জন্য আটটি তদন্ত দল গঠন করে করে খাদ্য মন্ত্রণালয়।

কামরুল জানান, চাল বিতরণে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়িতে একজন, ময়মনসিংহের নান্দাইলে ২৪ জন, বরিশালের গৌরনদীতে দুইজন, কুমিল্লার তিতাসে একজন, পাবনার চাটমোহরে একজন, দিনাজপুরের বিরলে ও খানসামায় একজন করে, গোপালগঞ্জের কোটালীপাড়া ও মুকসুদপুরে তিনজন, শরীয়তপুর সদরে একজন, লক্ষ্মীপুরের রামগঞ্জে দুইজন, পটুয়াখালীর বাউফলে একজন, রাজশাহীর গোদাগাড়ীতে একজন এবং জামালপুরের সদর উপজেলায় একজন ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

এছাড়া দিনাজপুরের বীরগঞ্জে একজন, কুমিল্লার তিতাসে দুইজন, সিলেটে একজন, নীলফামারীর ডিমলায় একজন ও জয়পুরহাটের পাঁচবিবিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, কর্মসূচিতে অনিয়মের জন্য নলিতাবাড়ী ও নান্দাইল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এবং কালোবাজারিতে সহায়তার অভিযোগে সরিষাবাড়ী ও মেলান্দহ গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ওজনে কম দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত নওগাঁর বাদলগাছীর একজন ডিলারকে ৫০ হাজার, রাণীনগর উপজেলায় একজনকে পাঁচ হাজার, নওগাঁও সদর উপজেলার এক ডিলারের দুইজন কর্মচারীকে ১০ হাজার এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন ডিলারের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলেও জানান কামরুল।

“কুমিল্লার চান্দিনায় দুই ডিলারকে ২৫ হাজার টাকা, যশোরের মনিরামপুরের ডিলার শহিদুল ইসলাম শাহিনকে ১০ হাজার টাকা, শরিয়তপুরের জাজিরার ডিলার মো. মোবারক চকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ার শাহজাহানপুরে একজন ডিলার ও দুইজন ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে।”

হতদরিদ্র না হয়েও বিভিন্ন স্থানে যারা কার্ড পেয়েছে তাদের কার্ড জমা দেওয়ার হিড়িক পড়ে গেছে বলে জানান মন্ত্রী।