২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র, সোনা, টাকাসহ ৭ ‘জেএমবি’ গ্রেপ্তার

ঢাকার তেজগাঁও এলাকা থেকে অস্ত্র, সোনা, টাকা ও বিপুল পরিমাণ ‘লুটের মাল’সহ সাত ‘জেএমবি’ সদস‌্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 10:18 AM

Updated : 20 Aug 2022, 01:58 PM

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সন্ধ‌্যায় তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়।  

“এরা রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গেও জড়িত। ডাকাতি করে লুট করা অর্থ সংগঠনের কাজে ব‌্যবহার করত।”

তাদের কাছ থেকে ৬৭ ভরি সোনার গয়না, ছয় লাখ টাকা, চারটি পিস্তল, পাঁচটি ম‌্যাগাজিন, দশ রাউন্ড গুলি, নয়টি চাপাতি, টেলিভিশন, ল‌্যাপটপ, মোটরসাইকেলসহ বিভিন্ন লুটের মাল উদ্ধার করা হয়েছে বলে মাসুদুর রহমান জানান।     

গ্রেপ্তার সাতজনের নাম প্রাথমিকভাবে প্রকাশ করেনি পুলিশ। তাদের জঙ্গি কর্মকাণ্ডের বিষয়েও আর কোনো তথ‌্য দেওয়া হয়নি। 

মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে।