২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে ‘অ‌্যাম্বুলেন্স দালাল চক্রের’ ২ জনের দণ্ড

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত দুই জনকে ছয় মাসের কারদণ্ড দিয়েছে, যারা ‘অ‌্যাম্বুলেন্স দালাল চক্রের সদস‌্য’ বলে র‌্যাবের ভাষ‌্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 07:51 PM

Updated : 11 Oct 2022, 08:53 PM

এই দুজন হলেন- তানভীর হোসেন (২২) ও মো. আবীর (১৯)।

র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার মেডিকেল চত্বরে অ‌্যাম্বুলেন্সের চাপায় চারজন নিহত হওয়ার পর ওই ‘দালাল চক্রের’ কাউকে হাসপাতালে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ।

“কিন্তু রোগীর স্বজনরা বাইরে থেকে অ‌্যাম্বুলেন্স আনতে গেলে ওই চক্র বাধা দিচ্ছে।”

সোমবার দুপুরে সিরাজগঞ্জের গৌর পদ সাহা (৫২) নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বজনরা বাইরে থেকে একটি অ‌্যাম্বুলেন্স ভাড়া করে এনে তাতে মৃতদেহ তুলে বাড়ির পথে রওনা হতেই জরুরি বিভাগের সামনে ওই চক্র সেটি আটকের দেয় বলে ম্যাজিস্ট্রেট সরোয়ার জানান।

তিনি বলেন, “দালাল চক্রটি তিন ঘণ্টা অ‌্যাম্বুলেন্স আটকে রাখে। পরে সাধারণ পোশাকে থাকা র‌্যাব সদস্যরা বিষয়টি আমাদের জানলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।”

গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ভ্রাম‌্যমাণ আদালত নিয়মিত ওই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে।