২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আল নূর চক্ষু হাসপাতালসহ ৩ প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম চালানোর দায়ে রাজধানীর লালমাটিয়ার আল নূর চক্ষু হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2016, 02:03 PM

Updated : 11 Oct 2022, 08:54 PM

এছাড়া উত্তরায় আলাদা অভিযানে একই ধরনের অপরাধে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

লালমাটিয়ায় সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সাতমসজিদ রোডের যে ভবনটিতে আল নূর চক্ষু হাসপাতালের কার্যক্রম চলছে, তার নকশা ও ওই ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় অনুমোদনের কোনো কাগজপত্র ভ্রাম্যমাণ আদালতকে দেখাতে পারেনি কর্তৃপক্ষ।

এছাড়া ওই ভবনের গাড়ি রাখার জায়গায় অবৈধভাবে হাসপাতালের অভ্যর্থনা কক্ষ এবং রোগীদের বসার জায়গা করা হয়েছে; ভবনের পাশের খালি জায়গায় বসানো হয়েছে চশমার দোকান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির বলেন, “এসব কারণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই ভবনের অবৈধ অংশ তিন দিনের মধ্যে ভেঙ্গে ফেলতেও নির্দেশ দেওয়া হয়েছে।”

আল নূর চক্ষু হাসপাতালের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক নুরুজ্জামান খোশনবীশের দাবি, ওটা পার্কিংয়ের জায়গা এটা তাদের জানা ছিল না। যথাসময়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

এর আগে লালমাটিয়া এলাকার ডি ব্লকের ৪/৪ নম্বর বাড়ির গাড়ি বারান্দার ওপরে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

একই এলাকার এফ ব্লকের ৩/১ নম্বর বাড়ির নিচতলায় গাড়ি রাখার জায়গায় কাবাব অ্যান্ড বিরিয়ানি নামের রেস্তরাঁ এবং ভবনটির সামনের খালি জায়গা ও ফুটপাতের ওপর বানানো রেস্তরাঁ ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।

পরে ওই সড়কের কুটুমবাড়ি রেস্তরাঁ উচ্ছেদ করতে গেলে কর্তৃপক্ষ জানায়, এ স্থাপনা ভাঙ্গার ওপর উচ্চ আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছে। এ বিষয়ে আদালতকে কাগজপত্রও দেখায় তারা।

পরে ‘স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর রেস্তরাঁ সরিয়ে নেওয়া হবে মর্মে’ আদালতকে মুচলেকা দেন কুটুমবাড়ির পরিচালক মনির হোসেন।

এদিকে সোমবারই উত্তরা ১১ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ অ্যাভিনিউয়ে অভিযান চালায় রাজউকের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন।

আবাসিক এলাকার ওই সড়কের ৩০ নম্বর বাড়ির নিচ তলায় অবস্থিত টপ টেন টেইলার্সকে আড়াই লাখ টাকা ও দোতলা একটি ব্যাংককে ভাড়া দেওয়ায় বাড়ির মালিক সারোয়ার হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, বিধি লঙ্ঘন করে আবাসিক এই ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় জরিমানা করা হয়েছে।

“টপ টেন এখানে দোকানের পজেশন কিনেছে এজন্য তাদের জরিমানা করা হয়েছে। আর ব্যাংক কর্তৃপক্ষকে স্পেস ভাড়া দেওয়ায় মালিককে জরিমানা করা হয়েছে।”

পরে ভ্রাম্যমাণ আদালত ওই সড়কের ১ নম্বর বাড়ির গাড়ি রাখার জায়গায় ইলেকট্রনিক পণ্যের শোরুম ও ১/বি নম্বর বাড়ির নিচ তলায় একটি নির্মাণাধীন শোরুম ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া ২ নম্বর বাড়ির গাড়ির জায়গায় ওষুধের দোকান ও একটি রেস্তরাঁ ভাঙতে গেলে পাঁচ দিনের মধ্যে সেগুলো সরিয়ে নেবে বলে বাড়ির মালিক মুচলেকা দেয়।