ড্যাব নেতা দোলন গ্রেপ্তার
বিএনপি সমর্থক চিকিৎসকদের নেতা কাজী মাজহারুল ইসলাম দোলন গ্রেপ্তার হয়েছেন।
রাজধানীর কলাবাগান থানার একটি মামলায় তাকে রোববার সন্ধ্যায় ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
কাজী মাজহারুল ইসলাম দোলন (ফেইসবুকের ছবি)
দোলন বিএনপির গত কমিটিতে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে তাকে। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশেরও (ড্যাব) নেতা তিনি।
ধানমন্ডি থানার ওসি মো. আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৩৯ নম্বর বাসা থেকে দোলনকে গ্রেপ্তার করা হয়।
“তার বিরুদ্ধে কলাবাগান থানায় ওয়ারেন্ট থাকায় তাকে ওই থানা পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে।”
কলাবাগান থানায় যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা এসআই শামীম আহমেদ রাত সাড়ে ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে এখনও থানায় আনা হয়নি।”
মামলাটি কী অভিযোগে, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে এই পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া যায়নি।
