শুরু হচ্ছে শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসব
শিশু-কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিয়ে তাদের জীবনমুখী ইতিবাচক ধারায় উব্ধুব্ধ করতে প্রথমবারের মতো ‘শেখ রাসেল জাতীয় শিশুতোষ চলচ্চিত্র উৎসবের’ আয়োজন করছে বাংলাদেশ শিশু একাডেমি।
শেখ রাসেলের ৫২তম জন্মদিন উপলক্ষে এ উৎসব হচ্ছে। উৎসবের স্লোগান- ‘চলচ্চিত্র হোক শিশুর স্বপ্নের মতো রঙিন’।
শুক্রবার বিকাল ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আর অন্যান্য দিন বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন বলেন, “দেশীয় প্রেক্ষাপটে জীবনঘনিষ্ঠ মানবিক মূল্যবোধসম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে নির্মিত শিশুতোষ পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে।”
তিনি জানান, দেশের সব বিভাগে এ উৎসব উদযাপিত হবে। উৎসবে ১৭টি চলচ্চিত্রের ২২টি প্রদর্শনী হবে।
উৎসবের দ্বিতীয় দিন বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নির্ধারিত থাকবে। চলচ্চিত্র প্রদর্শনীর ফাঁকে ফাঁকে প্রাসঙ্গিক সংক্ষিপ্ত আলোচনা থাকবে। এসব আলোচনায় বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বরা অংশ নেবেন।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রতিযোগিতা হবে। বিজয়ী নির্মাতাদের দেওয়া হবে ক্রেস্ট ও সনদ।
উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে আরাফাত বিন জাহাঙ্গীরের ‘ভোরের যাত্রা’, আশরাফ শিশিরের ‘গাড়িওয়ালা’, কাজী শাহেদুর রহমানের ‘সোলজার’, তানিম শাহরিয়ারের ‘ডিজিটাল কোশচেন’, বিজয় কর্মকারের ‘দো-তলার গল্প’, প্রিন্স রোমান পিকিউয়ের ‘অনুকরণ’।
