ঢাকা মেডিকেলে জমজ শিশু, ‘অভিভাবক’ নিরুদ্দেশ
মাত্র একদিনের জোড়া লাগানো জমজ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে তাদের কথিত অভিভাবক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন হাসপাতালটির এক কর্মকর্তা।
শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক খাজা আব্দুল গফুর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত ১১টার দিকে এক ব্যক্তি শিশু দুটির অভিভাবক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাদের হাসপাতালে ভর্তি করতে বলেন।
“পরে ভর্তির জন্য টিকিট কাটার কথা বলে কাউন্টারে গিয়ে আর ফিরে আসেননি সেই অভিভাবক।”
শিশু দুটি উপর দিকে আলাদা হলেও পেটের দিক থেকে তারা জোড়া লাগানো জানিয়ে খাজা আব্দুল গফুর বলেন, “মাত্র একদিনের এই বাচ্চা দুটিকে আমরা পেডিয়াট্রিক (শিশু) সার্জারি বিভাগে ভর্তি করেছি। অস্বাভাবিক বাচ্চা দুটিকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।”
আরও দুই-একদিন পরে বাচ্চা দুটির ব্যাপারে সিদ্ধান্তে আসার কথা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এই উপপরিচালক।
