২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিগুরুর পর সাহিত্যে অদ্বিতীয় বিচরণ সৈয়দ হকের: সংস্কৃতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিত কবি সৈয়দ শামসুল হককে ‘আপাদমস্তক দেশপ্রেমিক বাঙালি’ বলে অভিহিত করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 03:36 PM

Updated : 11 Oct 2022, 08:53 PM

রাজধানীতে শনিবার প্রয়াত এই কবির স্মরণসভায় তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের পরে কবিতা, গল্প, নাটকসহ সাহিত্যের বিচিত্র শাখাগুলোতে তার মতো পদচারণা দ্বিতীয় কারও নেই। আধুনিক বাঙালি সৈয়দ হক হয়ে উঠেছিলেন এক বিশ্বমানব।”

সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় যোগ দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবি কামাল আবদুল নাসের চৌধুরী; ছিলেন কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই ও কবি মাহমুদ আল জামান।

অভিনেতা ও সংস্কৃতিকর্মী আসাদুজ্জামান নূর সৈয়দ শামসুল হকের লেখা ‘নূরলদীনের সারাজীবন’, ‘মুখোশ’, ‘ঠাট্টা তামাশা’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় জীবনে সৈয়দ হকের প্রভাবের কথাও স্মরণ করলেন তিনি।

“আমরা নাটকের মানুষরা তার কাছে ছিলাম পরিবারের সদস্যের মতো; সবাইকে তিনি দেখতেন একেকটি চরিত্র হিসেবে। তিনি যখন আমাদের নাটক দিতেন, তার আগে নিজে পুরো নাটকটি পড়ে শোনাতেন। তখন দেখতাম, তিনি কীভাবে চরিত্রের ভেতরে ঢুকে পড়েন, কীভাবে চরিত্র নির্মাণ করেন।”

এ প্রজন্মের সাহিত্যকর্মীদের উদ্দেশ্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, “সাহিত্যের স্বাদ নিতে চাইলে হক ভাইয়ের কাছে তাদের বারবার ফিরে আসতেই হবে। তার কোনো বিকল্প নেই।”

কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, “নাক্ষত্রিক বিভায় দূরবিস্তারী সৈয়দ শামসুল হক সৃজনশীল প্রতিভায় হয়ে উঠেছিলেন এক বিরল কবি। আমাদের কালে আমরা তাকে পেয়েছি- এ এক বড় পাওয়া।”

‘একুশ শতকের সন্তান’ সৈয়দ শামসুল হক কবিতায় ‘বাঙালির নবজাগরণ’ ঘটিয়েছিলেন বলে মন্তব্য করেন কবি আসাদ চৌধুরী।

“বাঙালি তার অস্তিত্ব ভুলে যখন বিপরীত দিকে ঠেলে দিচ্ছিল দেশকে, তখনই প্রতিবাদী সত্তা হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি । বঙ্গবন্ধু হত্যার পরে নির্মলেন্দু গুণের পরে আর কোন কবি জয় বাংলা উচ্চারণ করতে পেরেছিলেন?”

এই কবির মতে, আজীবন বাংলা বর্ণমালার সেবা করে যাওয়া কবি সৈয়দ হক তার ‘অমরত্বের জায়গা পাকাপাকি’ করে গেছেন।

স্মরণসভায় হাসনাত আবদুল হাই নানা উদাহরণে তুলে সৈয়দ শামসুল হকের বাক্যগঠনরীতি ও শব্দচয়নের মুন্সিয়ানার কথা তুলে ধরেন।

“অনেকেই মনে করেন, ব্যাকরণসম্মত হলেই বুঝি ভাষা যথেষ্ট হয়ে গেল। কিন্তু সৈয়দ হক তা মনে করতেন না। তিনি নিজস্ব চিন্তা-ভাবনার ভিত্তিতে ব্যাকরণ ঠিক রেখে বাক্যগঠনরীতি সম্পূর্ণভাবে বদলে দিয়েছিলেন। কমা, সেমিকোলন, ড্যাশ, দাঁড়ির ব্যবহারে তিনি নতুন বাক্য গঠনের উদাহরণ দেখিয়েছিলেন।”

বাক্যগঠনের পরীক্ষায় উত্তীর্ণ বিশ্বকবিদের মধ্যে ‘সৈয়দ শামসুল হক অন্যতম’ ছিলেন বলে তিনি মনে করেন।

হাসনাত বলেন, “আমি তার এ অর্জনকে বিশাল এক অর্জন হিসেবে দেখি। নিজস্ব ভাষা ও গদ্যশৈলীতে তিনি এঁকেছেন এক অদ্ভূত দৃশ্যকল্প; সৃষ্টি করেছেন ধ্বনি, একইসঙ্গে নানা রঙের বিচ্ছুরণও ঘটিয়েছেন।”

কবি মাহমুদ আল জামান বলেন, “বাংলা সাহিত্যে তিনি আধুনিকতার বীজ বপন করেছিলেন। একইসঙ্গে তিনি অনুবাদ সাহিত্যেরও প্রধান পুরুষ ছিলেন। তার সাহিত্য আমাদের ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করছে প্রতিনিয়ত।”

স্মরণসভায় উপস্থিত ছিলেন সব্যসাচী লেখকের স্ত্রী কথাসাহিত্যিক ও মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ারা সৈয়দ হক ও ছেলে দ্বিতীয় সৈয়দ হক।

তার ছেলে বলেন, “বাবার মৃত্যুর পর এত স্মরণসভায় যাচ্ছি, তাকে দেখতে পাচ্ছি নানাভাবে। কখনো নাট্যকার, কখনো কবি, কখনও প্রাবন্ধিক হিসেবে। প্রতিবার কথা শুনি আর মনে হয় বাবা বেঁচে উঠলেন। যখন কথা শেষ হয়ে যায়, তখনই মনে হয় বাবা নেই।”

জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, “সৈয়দ শামসুল হকের প্রয়ানে বাংলা সাহিত্যের একটি নক্ষত্রের পতন হল, যা পূরণ করা অসম্ভব।”

স্মরণসভায় প্রদর্শিত হয় সৈয়দ হকের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র, যার নির্মাতা জাদুঘর। পরে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ৮০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে কবির দেওয়া ভাষণের অংশবিশেষ প্রদর্শন করা হয়।

স্মরণসভা সঞ্চালনা করেন অভিনেতা আফজাল হোসেন। সঞ্চালনার ফাঁকে তিনি সৈয়দ শামসুল হকের বিভিন্ন নাটক, গল্প থেকে বিভিন্ন অংশ পড়ে শোনান।