২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী জুড়ে চলছে শিল্পকর্মের নানা প্রদর্শনী

সভ্যতার বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে চলছে প্রকৃতির ভাঙাগড়ার খেলা; রংয়ের বিচিত্রতায় এই প্রকৃতি কখনো ভীষণ আপন, কখনও রূঢ় হয়ে সমূলে গ্রাস করতে আসে মানবসভ্যতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2016, 12:37 AM

Updated : 20 Aug 2022, 01:56 PM

একদল শিল্পীর ক্যানভাসে মূর্ত হয়ে ওঠা বর্ণিল এই প্রকৃতির নানা গল্প, রং-তুলির নানা আঙ্গিকে আঁকা ছবি আর শিল্পকর্ম নিয়ে রাজধানীর আঁলিয়স ফ্রঁসেজ, গ্যালারি কসমস ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চলছে তিনটি প্রদর্শনী।

এর মধ্যে আঁলিয়স ফ্রঁসেজে কামরুজ্জামান স্বাধীনের শিল্পকর্মের প্রদর্শনী ‘রুটেট ইন সয়েল’, গ্যালারি কসমসে রেজাউন নবীর ‘প্রাকৃতিক রূপান্তর’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শনী এবং শিল্পকলায় ১২ জন শিল্পীর অংশগ্রহণে প্রদর্শনী ‘জয়ন্তীর জলছবি’ শুরু হয়েছে।

‘রুটেট ইন সয়েল’

অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে প্রবেশ করতে গেলেই থমকে দাঁড়াতে হবে। পথিকের হাঁটার পথের মাঝখানে সারিবদ্ধভাবে অনেকগুলো তীর। পাশে ধনুক না থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলা যেতে পারে! তবে তীরের পাশের দেয়ালের মনিটরে দেখা যাচ্ছিল এর ব্যবহারকারী সাওতাঁলদের যাপিত জীবনের চলমান চিত্র।

এটি পার হয়ে গ্যালারির প্রবেশমুখে দেখা মিললো ইঁদুরের; ঠিক কতগুলো ইঁদুর তার হিসেব কষতে কষতে গ্যালারিতে ঢুকলে দেখা যাবে আরও অনেক ইঁদুরের, যাদের দৌরাত্মে শষ্যের দেখা মেলা ভার।

মানুষের আত্মকেন্দ্রিকতা যে পৃথিবীকে ঠেলে দিচ্ছে ধ্বংসাত্মক ভবিষ্যতের দিকে, সেটি দেখাতে গিয়েই এভাবে নিজের স্থাপনাশিল্প প্রদর্শনীটি সাজিয়েছেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন।

তিনি বলেন, “মানুষ এমন লোভে ডুবে আছে, যে সব কিছু খেয়ে ফেলতে চায়। বন, পশু-পাখি, সাগর, বাতাস এমনকি নিজেদেরকেও।”

এ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে শুক্রবার; উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনীতে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবের।

প্রদর্শনীর উদ্বোধন করে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “প্রকৃতিকে ধ্বংস করে আমরা নিজেদেরকে ধ্বংস করছি। চারপাশে জঞ্জাল তৈরি করে মানুষের বিরোধী শক্তিকে আরও শক্তিশালী করে ফেলছি। এ প্রদর্শনীর ফলে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হলে শিল্পী সার্থক হবে।”

স্থাপনাশিল্প নিয়ে নিজের দুঃখবোধের কথা জানিয়ে মন্ত্রী বলেন, “শিল্পী এত কষ্ট করে কাজ করে, কিন্তু সাত বা ১০ দিন পর এটির আলোকচিত্র ছাড়া আর কিছুই থাকবে না।”

প্রদর্শনীতে স্থান পেয়েছে কয়েক হাজার পোড়ামাটির ইঁদুর নিয়ে ইনস্টলেশন, শত শত তীর নিয়ে একটি ভিডিও ইনস্টলেশন এবং কিছু চিত্রকর্ম, যা তৈরি হয়েছে সাঁওতালদের ঘর লেপার পদ্ধতি হিসেবে ব্যবহার করে।

দুই সপ্তাহের এই প্রদর্শনীটি চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।

সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

‘জয়ন্তীর জলছবি’

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় গ্যালারি-৪ এ ১২ জন শিল্পীর অংশগ্রহণে ‘জয়ন্তীর জলছবি’ শিরোনামে আট দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার সকালে ‘অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়নকেন্দ্র’ এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন হয়।

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদী বিধৌত নাজিরপুর গ্রামে ২০১৫ সালের সেপ্টেম্বরে তিন দিনব্যাপী একটি আর্টক্যাম্পে অংশ নেন ১২ জন চিত্রশিল্পী।

‘অন্বেষণ গণপাঠাগার ও সমাজ উন্নয়নকেন্দ্র’ আয়োজিত ওই আর্টক্যাম্পে তাদের আঁকা ছবি নিয়েই এই প্রদর্শনী।

১২ চিত্রশিল্পী হলেন- হামিদুজ্জামান খান, রণজিৎ দাস, সাঈদা কামাল, আইভি জামান, ফরিদ হোসেন, রশীদ আমিন, রাশেদুল হুদা, কারু তিতাস, আলপ্তগীন তুষার, মহিউদ্দিন আহমেদ মহিম, আজমীর হোসেন ও শাহানুর মামুন।

এছাড়া আলোকচিত্রী গোলাম মুস্তাফার কয়েকটি আলোকচিত্রও এতে স্থান পেয়েছে।

নাজিরপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, সহজ-সরল মানুষের সংস্কৃতি ও ঐতিহ্য এসব চিত্রকর্মে তুলে ধরা হয়েছে।

১৮ অক্টোবর থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

‘প্রাকৃতিক রূপান্তর’

প্রকৃতিতে নানা রংয়ের বিচিত্রতা, জীবকূলের জীবনযাপন প্রণালী নিয়ে শিল্পী রেজাউন নবীর ‘প্রাকৃতিক রূাপন্তর’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীটি শুরু হয়েছে মহাখালী ডিওএইচএসের গ্যালারি কসমসে।

আটপৌরে নাগরিক জীবনের বাইরে এসে শিল্পী রেজাউন নবীর ক্যানভাসে কেবল প্রকৃতির গল্প। এই শহর থেকে অনেক দূরে কোনো এক গ্রাম কিংবা জলাশয়, নির্জন পাহাড় কিংবা দুর্গম লোকালয় ভাবায় তাকে।

রেজার স্পেস বর্ণ-সংবেদী। একটা টলটলে ভাব তাকে বিশেষভাবে আকর্ষণ করে। জলরংয়ের পারদর্শিতায় তিনি নৈসর্গিক বিভিন্ন অনুষঙ্গকে ক্যানভাসে আঁকছেন অ্যাক্রিলিক এবং তেলের তারল্যের সংযোগে। জীবকূলের বিচিত্র জীবনপ্রণালী জল রংয়ের মৃদুরেখায় জানান দিতে চান তিনি।

শিল্পী রেজার এটি সপ্তম একক চিত্র-প্রদর্শনী। ।

রেজা বলেন, “বর্ণের রহস্যলোকের অনেক অঞ্চল ঘুরে দেখে মনে হল, বর্ণ নিজস্ব আবেগে নিজের মনের বর্ণমালা রচনা করে দেয়। বিচিত্র রং বিচিত্র ধ্বনিরই জন্ম দেয়। রং তো নিজেই গান গায়, তা হলে আর রূপের বন্দিত্ব কেন?”

২৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।