২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দিনভর শরৎ-বন্দনা

শরৎ মানে বিস্তীর্ণ ভূমিতে সাদা কাশফুলের ঢেউ আর শেফালি ফুলের মৌমাত; শিশিরসিক্ত ঘাষের কোলে নতুন ধানের মন মাতানো সৌরভ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 10:49 PM

Updated : 12 Apr 2022, 03:04 AM

প্রকৃতির এই সৌন্দর্য আর সৌরভকে সঙ্গী করে বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে শরতের। সেই বিদায় বেলায় নৃত্য-গীতে বন্দনা করা হলো শরৎ কালকে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর আয়োজনে দিনব্যাপী চলে শরৎ উৎসব।

ভোরের আলো ফুটতেই শুরু হয় শরতের গান ও নৃত্য পরিবেশনা। শুরতেই এস্রাজের সুরে স্বাগত জানানো হয় শরতের ভোরকে। শিল্পী অসিত বিশ্বাসের এ পরিবেশনায় চারপাশে ছড়িয়ে পড়ে প্রশান্তি।

এরপর নৃত্যজনের নৃত্যশিল্পীরা ‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি’, নটরাজের নৃত্যশিল্পীরা ‘আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়’ ও নৃত্যমের শিল্পীরা ‘শিউলিঝরা এক সকালের অপেক্ষায়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এরপর একক কন্ঠে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করেন প্রিয়াংকা গোপ।

দিনভর এ আয়োজনে সকালের পর্বে শরৎ কথনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যজন রামেন্দু মজুমদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি এম ই চৌধুরী শামীম, ড. নিগার চৌধুরী এবং সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

অনুষ্ঠানের প্রথম পর্বে একক কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেন বিজন চন্দ্র মিস্ত্রী, মহাদেব ঘোষ, বিমান চন্দ্র বিশ্বাস। তারা গেয়ে শোনান ‘শিউলি ফুলে মালা দোলে’, ‘আমার রাত পোহালো শারদপ্রাতে’ ও ‘আজ শরতের আকাশে ভাসে সাদা মেঘের ভেলা’।

দলীয় সঙ্গীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, আনন্দন, ওস্তাদ মমতাজ আলী খান একাডেমি, পঞ্চভাস্বর, বহ্নিশিখা, সুরসপ্তকের শিল্পীরা। আবৃত্তি পরিবেশন করেন লায়লা তারান্নুম কাকলী।

বিকাল থেকে রাত অবধি ছিলো শরত উৎসবের দ্বিতীয় পর্বের আয়োজন।