২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় শিশুদের জন্য খেলাঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে রাজধানীতে হয়ে গেল খুদে শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2016, 08:52 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

কেন্দ্রীয় খেলাঘর আসর আয়োজিত এই প্রতিযোগিতায় ছিল না নির্দিষ্ট কোনো বিষয় কিংবা ধরাবাধা নিয়মকানুন; শিশুরা আঁকল তাদের মনের মতো। মনের খেরোখাতায় নানা গল্পকে রং-তুলির কারিশমায় তারা তুলে ধরল ক্যানভাসে।

রাজধানীর বিভিন্ন স্কুল থেকে প্রতিযোগিতায় আসা শিশুরা আকঁল মুক্তিযুদ্ধ, গ্রাম বাংলা আর চলতি সময়ের নানা ছবি। রং-তুলিতে কেউ জানাল প্রতিবাদ, ‘শিশু নির্যাতন বন্ধ কর’।

শুক্রবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় বসেছিল এইসব খুদে শিল্পীদের মেলা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসেছিলেন এই অনুষ্ঠানের অতিথি হয়ে।

মুক্তিযুদ্ধ বা তার প্রেক্ষাপট ভীষণ ভাবায় ভিকারুননিসা নূন স্কুলের নবম শ্রেণির ছাত্রী প্রজ্ঞা পারমিতা রায়কে। অবসরে ইতিহাসের পাতা উল্টায় আর মনে আঁকে নানা ছবি। আসরে এসে সে আঁকল মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর ছবি, যারা বুকের রক্ত ঢেলে এনেছিল একটি পতাকা।

বাংলা মায়ের সেসব দামাল ছেলের গল্প এঁকেছে আরও অনেকে।

প্রতিযোগিতায় ‘ব্রহ্মপুত্র বিভাগ’ এ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তুলেছে নানা আঙ্গিকে। কারও ক্যানভাসে মূর্ত হয়েছে বাংলার স্বাধীনতা আন্দোলনের নানা প্রেক্ষাপট, কেউ এঁকেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আবার কেউ এঁকেছে মুক্তিযুদ্ধের নানা অপারেশনের গল্প। কখনও রং পেন্সিল, কখনও শুধু কাঠপেন্সিলেই তারা এঁকেছে বাংলাদেশের অভ্যুদয়ের গল্প।

প্রতিযোগিতার অন্য তিনটি বিভাগ ‘পদ্মা’, ‘মেঘনা’, ‘যমুনা’ বিভাগে ছবি আঁকাআকি ছিল উন্মুক্ত। ইচ্ছেমতো ছবি আঁকার সুযোগ পেয়ে শিশুদের অনেকেই বেছে নিল গ্রাম আর প্রকৃতিকে।

খিলগাঁওয়ের ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সুপ্রভা শোভার বিভাগ ‘যমুনা’। গ্রামের ছবি আঁকতে আঁকতে সে বলল, “স্কুল ছুটি পেলে গ্রামে চলে যাই। সেখানে প্রকৃতির রূপ অন্যরকম। কী ভীষণ ভালো লাগে। আমার মনের মধ্যে সেই ছবিটা এখনও আঁকা আছে।”

তার পাশে অন্য শিশুরা আনমনে আঁকছে নিজেদের গ্রামের ছবি। রং-তুলির আঁচড়ে জানিয়ে দিল, শিকড়কে ভুলে যাবে না এ প্রজন্ম।

শিশু নির্যাতনের ভয়াল চিত্রটি ভীষণভাবে নাড়া দিয়েছে উন্মে রহমান শিফার মনে। অগ্রণী স্কুল অ্যাণ্ড কলেজে সে পড়ে ক্লাস ওয়ানে। বিধিনিষেধের বেড়াজাল কিংবা সামাজিক অবহেলায় শিশুর অধিকার যখন অবহেলিত, তখন সেই আঁকল প্রতিবাদের ছবি ‘শিশুদের অধিকার নিশ্চিত কর’।

শিশুর উপর অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে খুদেরা ক্যানভাসে জানাল প্রতিবাদ- ‘শিশু নির্যাতন বন্ধ কর’, ‘শিশু শ্রম বন্ধ কর’।

তাসলিমা চৌধুরীর তিন কন্যা মম তাহরিমা, তম তাহমিনা, তন্মা তাসনিয়া যোগ দিয়েছিল প্রতিযোগিতায়।

মেয়েদের সহশিক্ষা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “আমি চাই, আমার মেয়েগুলো সৃজনশীল কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হোক। সিলেবাসভিত্তিক পড়াশোনায় তা কখনও সম্ভব না।

“ডাক্তার, ইঞ্জিনিয়ার হতেই হবে, এমন কোনো কথা নেই। ওরা আগে নিজেদের অধিকার সম্পর্কে জানুক, বুঝুক।”

গুলশানের বাসিন্দা কাজী মিতুর দুই মেয়ে হাবশা মাইশা বারী ও ইশরাত জাইমা বারী আঁকছিল গ্রাম বাংলার ছবি।

মিতু বলেন, “মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে বলে অনেকে কটু কথা বলে, বলে তারা নাকি সংস্কৃতির ধারেকাছে নাই। আমি মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করছি বটে, কিন্তু শিকড়কেও চিনিয়ে দিয়েছি। আসলে আমাদের সচেতনতাই দরকার, তাহলেই বাংলা-বাঙালির সংস্কৃতি ওদের মনে গেঁথে যাবে।”

প্রতিযোগিতার বিশেষ অতিথি সমরজিৎ রায় চৌধুরী বলেন, “আঁকাআঁকির বিষয়টি তো আসলেই এমনই হওয়া উচিত, যেখানে কোনো নির্দেশনা থাকবে না। তারা আঁকবে তাদের ভাবনামতো। তবেই না সেই ছবিটি গ্রহণযোগ্য হবে। খুদেরা আকুক ইচ্ছামতো।”

খুদেদের আসরের প্রধান অতিথি আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “প্রতিযোগিতায় এসে দেখলাম, শিশুরা মনের মাধুরী মিশিয়ে আঁকছে গ্রামের ছবি, ভাষা আন্দোলন আর আমাদের বাঙালির প্রতিবাদের ছবি। এর চেয়ে সুন্দরতম দৃশ্য আজকে কী হতে পারে!”

তিনি বলেন, “আজকের এ শিশুরাই তো বাংলাদেশের ভবিষ্যৎ। একদিন এরাই হবে আমাদের কাণ্ডারি।”