২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন হুদার জামিন হয়নি

মাদক আইনের দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত ‘ইয়াবা ব্যবসায়ী’ আমিন হুদার জামিন হয়নি হাই কোর্টে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2016, 09:24 PM

Updated : 12 Apr 2022, 03:03 AM

জামিন চেয়ে তার করা একটি আবেদন বৃহস্পতিবার বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ তালিকা থেকে বাদ দেয়।

আদালতে আসামিপক্ষে ছিলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার ও মুনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৪ অক্টোবর  গুলশান-১-এর ১২৩ নম্বর বাড়ি থেকে আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে গ্রেপ্তার করে র্যা ব।

ওই সময় তাদের কাছ থেকে এক লাখ ৩০ হাজার ইয়াবা বড়ি, ইয়াবা তৈরির সরঞ্জাম, দেড়শ বোতল ফেন্সিডিল, ৪৬ লাখ টাকা ও সোনার গয়না উদ্ধার করা হয়।

ওই ঘটনায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আমিন হুদা ও আহসানুল হককে মোট ৭৯ বছর করে সশ্রম কারাদণ্ড এবং জরিমানার আদেশ দেন ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রইব্যুনাল।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন সরদার সাংবাদিকদের বলেন, দুই মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আমিন হুদা হাই কোর্টে আপিল করে সঙ্গে জামিন চান। ২০১৩ সালে হাই কোর্ট তাকে জামিন দেয়। পরে আপিল বিভাগ তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তিনি আত্মসমর্পণ করেন।

এ অবস্থায় নতুন করে ওই দুই মামলায় জামিন চান আমিন হুদা। হাই কোর্ট জামিন না দিয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।